২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে এবার পুলিশ নামছে

বন্দর নগরীতে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে আগামী রোববার থেকে অভিযানে নামছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 07:58 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বৃহস্পতিবার বিকালে এক সভায় অভিযান শুরুর ঘোষণা দিয়ে সিএমপি কমিশনার ‍আবদুল জলিল মণ্ডল জানান,  চট্টগ্রাম সিটি করপোরেশনের করা অবৈধ বিলবোর্ডের তালিকা ধরে অভিযান চালানো হবে।

সিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত সভায়  পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিটাগাং আউটডোর বিলবোর্ড ওনার্স অ্যাসোসিয়েশনের নেতা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল জানান, বৃহস্পতিবার বিকাল থেকে শনিবার পর্যন্ত অবৈধ বিলবোর্ড সরিয়ে নিতে মাইকিং করা হবে। এরপরও যেসব বিলবোর্ড থাকবে সেগুলো উচ্ছেদ করা হবে।

“রোববার থেকে অবৈধ বিলবোর্ডের মালিকদের জরিমানা করা হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান হবে।”

তিনি সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিলবোর্ডগুলো তালিকাভুক্ত করে অবৈধ ঘোষণা করতে সিটি করপোরেশনকে অনুরোধ করেন।

সভায় গণমাধ্যম কর্মীরা নগরীর বিভিন্ন সড়কদ্বীপে বসানো বিলবোর্ড-ইউনিপোল-মিনিপোল এবং আউটার স্টেডিয়ামের ফুটপাতে বসানো বিলবোর্ড বিষয়ে পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা শামসুল আলম জানান, সড়কদ্বীপে কিছু অনুমোদিত বিলবোর্ড আছে।

আবদুল জলিল মণ্ডল সাংবাদিকদের আশ্বস্ত করেন, “অবৈধ থাকলে অবশ্যই উচ্ছেদ করা হবে।”

এদিকে বিলবোর্ড মালিকদের সংগঠন চিটাগাং আউটডোর বিলবোর্ড ওনার্স অ্যাসোসিয়েশন অভিযোগ তুলেছে সিটি করপোরেশন ‘সমন্বয়’ ছাড়াই অবৈধ বিলবোর্ডের করেছে।

তবে তালিকা করতে বিলবোর্ড মালিকদের সহযোগিতা না পাওয়ার পাল্টা অভিযোগ করেছে সিটি করপোরেশন।

করপোরেশনের করা তালিকা অনুযায়ী নগরীতে বৈধ বিলবোর্ড ৬ হাজার ৪৮৫টি আর অবৈধ ৪২২টি। তালিকা অনুযায়ী এরই মধ্যে ৬৮টি অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়েছে।

সভা শেষে বিলবোর্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিটি করপোরেশন একটি কমিটি করে অবৈধ বিলবোর্ড চিহ্নিত করার কথা। তবে তারা কমিটি গঠনের জন্য আমাদের ডাকেনি।

“অবৈধ বিলবোর্ডের সংখ্যা আরও বেশি হবে। আমরাও চাই না অবৈধ বিলবোর্ড থাকুক। তবে সিটি করপোরেশন সমন্বয়হীনভাবে কাজ করছে।”

আগের সিদ্ধান্ত অনুযায়ী শুধু বৈধ বিলবোর্ড চিহ্নিত করতে স্টিকার লাগানো হয়েছে বলে দাবি করেন ফরিদ মাহমুদ।

এ প্রসঙ্গে জানতে চাইলে সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা শামসুল আলম জানান, কমিটিতে বিলবোর্ড মালিকদের পাঁচ জনের থাকার কথা থাকলেও তারা নাম দেয়নি।

“অবৈধ বিলবোর্ড নির্ধারণে নগরীকে আটটি জোনে ভাগ করে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে সব অবৈধ বিলবোর্ডের পূর্ণাঙ্গ তালিকা করতে পারব। বিলবোর্ড মালিকরা আমাদের সহযোগিতা করছে না।”

বন্দর নগরীতে ক্রমবর্ধমান বিলবোর্ড নিয়ে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের গত এক বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেছেন।

সর্বশেষ মন্ত্রীর অভিযোগের পর সিটি করপোরেশনের বিলবোর্ড পরিদর্শককে বদলি করা হয়।

গত মাসে বিলবোর্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে বৈধ বিলবোর্ডে স্টিাকার লাগানোর উদ্যোগ নেয় সিটি করপোরেশন।