২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক গুলিবিদ্ধ

যশোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 01:08 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

গুলিবিদ্ধ হাফিজুর রহমান তোতা (২৮) ও মিজানুর রহমানকে (২৭) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি শহরের বারান্দীপাড়া ও শহরতলী বাহাদুরপুর গ্রামে।

কোতোয়ালি থানার এসআই জহুরুল হক জানান, বৃহস্পতিবার ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশের নার্সারি পট্টিতে এ বন্দুকযুদ্ধ হয়।

“এ ঘটনায় ইমরান ও আনিস নামে পলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।"

এসআই জহুরুল বলেন, ভোর ৪টার দিকে শহরের জেলা প্রশাসকের কার্যালয়ে পশ্চিম পাশে নার্সারি পট্টিতে ৪/৫ জন দুর্বৃত্ত অবস্থান করছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশের ওপর ৩/৪টি হাতবোমা নিক্ষেপ করে। সেইসঙ্গে গুলিও ছোড়ে তারা।

“এ সময় পুলিশ আত্মরক্ষার জন্য গুলি চালালে মিজান ও হাফিজুর গুলিবিদ্ধ হয়।”

পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, বিস্ফোরিত বোমার কিছু অংশ, একটি ছোরা ও ছিনতাই করা বিভিন্ন মালামাল উদ্ধার করা হয় বলে জানান জহুরুল।

তিনি বলেন, ছিনতাইকারীদের ছোড়া বোমার বিস্ফোরণে পুলিশ কনস্টেবল ইমরান ও আনিস আহন হন।

“ছিনতাই করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা সেখানে অবস্থান করছিল। গত সোমবার তাদের ছুরিকাঘাতে সুমন নামে এক কলেজ ছাত্র নিহত হয়।”