২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেগের ওপর হামলাকারীদের ‘খুঁজে’ পাচ্ছে না পুলিশ

আলোকচিত্রী ইমতিয়াজ বেগের ওপর হামলাকারী হিসেবে চিহ্নিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার ছাত্রকে এক সপ্তাহেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 02:11 AM

Updated : 22 Aug 2022, 07:52 PM

“পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।তবে প্রচেষ্টার অব্যাহত রয়েছে,” বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম।

এরা হলেন- উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফারুক হোসেন, পদার্থবিদ্যা বিভাগের মাসুম, পরিসংখ্যানের জিসান এবং গণিত বিভাগের জহিরুল ইসলাম ।

এরা সবাই প্রথমবর্ষের ছাত্র, থাকতেন শহীদুল্লাহ হলে। চারজনই ছাত্রলীগের সঙ্গে যুক্ত।

গত ৫ নভেম্বর কার্জন হলের পাশে শহীদুল্লাহ হলের পুকুরঘাটে ইমতিয়াজ বেগ ও তার দুই ভাগ্নীর ওপর চড়াও হন ওই ছাত্ররা। সেদিনই শাহবাগ থানায় মামলা করেন বেগ।

মামলার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই চার ছাত্রকে চিহ্নিত করে তাদের সাময়িক বহিষ্কার করে। ঘটনার তদন্তে একটি কমিটিও করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে সাময়িক বহিষ্কার করেছে। তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন আনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেবে।”

এদিকে বেগ আর্ট ফাউন্ডেশনের পরিচালক ইমতিয়াজ বেগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত দেখে তিনি মামলার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।

“বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত ও তাদের বিরুদ্ধে শাস্তি নেওয়ায় ওপর নির্ভর করছে আমাদের মামলা। যদি বিশ্ববিদ্যালয় তাদের সর্বোচ্চ শাস্তি না দেয়, তাহলে পরির্বতন দেখা যাবে।”