জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফাইবার অপটিক
গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ফাইবার অপটিক ক্যাম্পাস নেটওয়ার্ক’ এর যাত্রা শুরু হয়েছে।
বুধবার শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বোর্ডবাজারে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এর উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর রশিদ।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের কোনো সেশন জট থাকবে না। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের সেশনজট দূরীকরণে ক্র্যাশ প্রোগ্রাম গ্রহণ করা হচ্ছে।
পরবর্তী দেড় বছরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে গড়ে উঠবে।
শিক্ষা সচিব বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে অতি দ্রুত একটি তথ্য-প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলে সেশন জট নিরসন ও শিক্ষার মানোন্নয়ন করার কোনো বিকল্প নেই। কেননা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপরই নির্ভর করছে দেশের উচ্চ শিক্ষার ভবিষ্যত।
এ সময় উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের তথ্য, জনসংযোগ ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘ফাইবার অপটিক ক্যাম্পাস নেটওয়ার্ক’ এর আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে ফাইবার অপটিক সংযোগ দেওয়া হয়েছে।
এছাড়া ভবিষ্যতে রাউটারের মাধ্যমে ফ্রি ওয়াইফাই চালুর পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।
