পিতার যাবজ্জীবন, সন্তান পেল স্বীকৃতি
এক কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহীর একটি আদালত। একইসঙ্গে ওই ঘটনায় জন্ম নেয়া কন্যাশিশুর পিতৃপরিচয় হিসেবে দণ্ডিত যুবকের নাম ঘোষণা করা হয়।
বুধবার রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু সুফিয়ান এই রায় দেন।
দণ্ডিত আসামি সেরাজুল ইসলাম (২৫) রাজশাহী নগরীর মতিহার থানার বামন শেখর এলাকার রহিম উদ্দিনের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মর্জিনা খাতুন বলেন, ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত সেরাজুলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করেছে।
এছাড়া ওই ঘটনায় জন্ম নেয়া সন্তানটি সেরাজুলের সন্তান পরিচয়ে বড় হবে এবং তার সম্পত্তির উত্তরাধিকারীও হবে বলে আদালত নির্দেশ দিয়েছে, জানান তিনি।
(প্রতীকী ছবি)
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারের পক্ষের আইনজীবী আশুরা খাতুন জানান, ২০১১ সালের ২৫ জুন মতিহার থানার বামন শেখর এলাকার ১২ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হন।
অন্তঃসত্ত্বা হওয়ার পর ২০১১ সালের ৫ অক্টোবর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
ডিএনএ পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসার পর একই বছরের ১৫ নভেম্বর ওই কিশোরীর মা বাদী হয়ে সেরাজুলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই মেয়েটির একটি কন্যা সন্তান হয়।
