গাজীপুরে উচ্ছেদ অভিযানে হামলা
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় উচ্ছেদ অভিযান চলাকালে হামলার শিকার হয়েছেন ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। পরে পুলিশের সহায়তায় উদ্ধার হয়ে তারা অভিযান বন্ধ করে ফিরে আসেন।
বুধবার বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়ায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় এ হামলা হয়।
এ সময় হামলাকারীরা তিনটি গাড়ি ভাংচুর ও গাড়ির চালকসহ ৫-৬ জনকে মারধর করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিজেন ব্যানার্জী জানান, তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এলাকাবাসী দুপুর সাড়ে ১২টার দিকে তাদের অবরুদ্ধ করে রাখে।
তিতাসের টঙ্গী অফিসের ম্যানেজার মো. আব্দুল আহাদ জানান, তিতাসের অবৈধ লাইন তোলার কাজ শুরু করামাত্র অবৈধ সংযোগ গ্রাহকরা লাঠিসোটা নিয়ে তাদের ঘিরে ফেলে।
এ সময় তারা লাঠি ও ইটপাটকেল দিয়ে হামলা চালিয়ে একটি পিক-আপ, একটি মাইক্রোবাস ও ট্রাকে ভাংচুর করে। এতে ট্রাকের চালকসহ ৫-৬জন শ্রমিক আহত হন।
পরে কালীগঞ্জ পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে অভিযান পরিচালনা না করেই তারা এলাকা ত্যাগ করেন।
