২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ১০ লাখ মার্কিন ডলার উদ্ধার, আটক ২

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রতারণার অভিযোগে ৪৩টি পাসপোর্ট ও দশ লাখ মার্কিন ডলারসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 03:56 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

পুলিশ বলছে, আটক হাজী আনারুল ইসলাম ও আজিরুল প্রামানিকের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নাম করে বিভিন্ন জনের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে। তাদের বাড়ি ভেড়ামারার উপজেলার রথপাড়া ও আড়কান্দি গ্রামে।

র‌্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার মেজর আলী হায়দার জানান, বুধবার ভোরে রথপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

"আটক আনারুল ও আজিরুল বিভিন্ন রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে বিদেশে লোক পাঠানোর কথা বলে মানুষজনকে ঠকিয়ে আসছে। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে দখলে রাখা অন্যের ৪৩টি পাসপোর্ট ও দশ লাখ ইউএস ডলারসহ তাদের আটক করা হয়।"

র‌্যাব কর্মকর্তা হায়দার বলেন, "তারা ইতিমধ্যে কাজের সন্ধানে বিদেশে যেতে ইচ্ছুক বেশকিছু মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় লোক পাঠানোর অভিযোগও রয়েছে।

এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।