২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত সম্মেলন: বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশে

চার দিনব্যাপী সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের একটি প্রতিনিধি দল এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 03:59 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিনিধি দলটি বাংলাদেশে আসে।

বিজিবির পক্ষ থেকে যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হেসেন বেনাপোল ‘জিরো পয়েন্টে’ প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জাহাঙ্গীর হোসেন জানান, খুলনার একটি অভিজাত হোটেলে মঙ্গলবার সীমান্ত সম্মেলন শুরু হয়ে শুক্রবার পর্যন্ত চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি সঞ্জীব কৃষ্ণান সুদের নেতৃত্বে ২০ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করার জন্য এসেছেন।

ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ গৌহাটি ও সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি, সংশ্লিষ্ট সেক্টরের ডিআইজিগণ, ফ্রন্টিয়ার ও সেক্টর পর্যায়ের স্টাফ অফিসাররা ছাড়াও ভারতীয় পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।

সম্মেলনে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক মো. লতিফুল হায়দারের নেতৃত্বে ১৯ সদস্যর প্রতিনিধি দলে বিজিবির রিজিয়ন কমান্ডার, রংপুর ও যশোর রিজিয়ন যোগ দেবে।

সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের গুলি বা হত্যা করা, আটক, অপহরণ, প্রহার, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ, বিস্ফোরকদ্রব্যের চোরাচালান, মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান, সীমান্ত এলাকায় অনুমোদিত ও অননুমোদিত নির্মাণকাজ সংক্রান্ত ইস্যু, সীমান্ত পিলার রক্ষণাবেক্ষণ এবং উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির উপায় নিয়ে সম্মেলনে আলোচনা হবে বলে বিজিবি এ কর্মকর্তা জানান।