সাগর-রুনির বাড়ির দুই দারোয়ান ফের রিমান্ডে
হত্যাকাণ্ডের আড়াই বছরেও কোনও সুরাহা না হওয়ার মধ্যে সাগর সরওয়ার ও মেহেরুন রুনির বাড়ির দুই দারোয়ানকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র্যাব।
সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্বে আসা নতুন কর্মকর্তার আবেদনে ঢাকার মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভুইয়া মঙ্গলবার দারোয়ান পলাশ রুদ্র পাল ও এনাম আহম্মেদ ওরফে হুমায়ুন কবীরকে দুই দিনের রিমান্ডে পাঠান।
তদন্ত কর্মকর্তা র্যাবের ইনভেস্টিগেশন এবং ফরেনসিক উইংয়ের সহকারী পরিচালক এএসপি ওয়ারেছ আলী মিয়া দুই আসামিকে সাত দিনের জেন্য হেফাজতে চেয়ে গত ২১ অক্টোবর আবেদন জানিয়েছিলেন।
ওই আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিমান্ড শুনানির সময় আদালতে এ দুই আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এর আগে দুদিন ওই আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও হরতালের কারণে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা না হওয়ায় তা হয়নি।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব রাজাবাজারের ভাড়া বাসায় সাগর ও রুনি খুন হওয়ার পর দুই দারোয়ানকে হেফাজতে নিয়ে এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
পুলিশের হাত ঘুরে উচ্চ আদালতের নির্দেশে র্যাব তদন্তের দায়িত্ব নিলেও দুই বছরেও এই হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা করতে পারেনি।
এর মধ্যে গত ১৮ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা আদালতে তদন্তের অগ্রগতির প্রতিবেদন দাখিল করলে বিচারক তাকে কিছু পরামর্শ দেয়। এর মধ্যে দুই দারোয়ানকে পুনরায় জিজ্ঞাসাবাদের বিষয়টিও ছিল।
নতুন করে জিজ্ঞাসাবাদের আবেদনে বলা হয়, পলাশ ঘটনার সময় অর্থাৎ রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ওই বাসায় প্রহরী হিসাবে দায়িত্বে ছিলেন। আনুমানিক সকাল ৫ টা-সোয়া ৫টার দিকে অ্যাপার্টমেন্ট মালিক নূরুন্নবী কান্নার আওয়াজ পেয়ে এই প্রহরীকে ফোন করেছিলেন। পলাশ তখন নূরুন্নবীকে বলেছিলেন, কান্নার আওয়াজ অন্য এপার্টমেন্ট থেকে শোনা গেছে।
“প্রকৃতপক্ষে পলাশ সত্য গোপন করে এ তথ্য পরিবেশন করেন বলে তদন্তে জানা যায়। তাছাড়া অন্য সাক্ষীদেরকে জিজ্ঞাসা করেও বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আসামিদের সঙ্গে যোগাযোগকারী, তাদের নিজেদের আত্মীয় -স্বজন, বন্ধু-বান্ধব, সহযোগী আসামিদের ফোন নম্বর সংগ্রহ করে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা জরুরি।”
সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম প্রথমে মামলার তদন্তের দায়িত্বে ছিলেন, এরপর ডিবি পুলিশের পরিদর্শক রবিউল আলম এবং র্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জাফর উল্লাহর হাত ঘুরে ওয়ারেছ আলী এখন মামলাটি তদন্ত করছেন।
গত ১৮ সেপ্টেম্বর আদালতে দেওয়া প্রতিবেদনে ওয়ারেছ আলী বলেন, “যুক্তরাষ্ট্রের পরীক্ষাগার থেকে ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। ডিএনএ রিপোর্ট ও অপরাধচিত্রের প্রতিবেদন বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে।
“মামলাটি আলোচিত ও স্পর্শকাতর বলে অতি সতর্কতার সঙ্গে বিশেষ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। মামলাটির তদন্ত কাজ শেষে ফলাফলের ওপর ভিত্তি করে যথাসম্ভব দ্রুত প্রতিবেদন পেশ করা হবে।”
সাংবাদিক সংগঠনগুলোর আন্দোলনের মধ্যে ২০১২ সালে সাহারা খাতুনের পর মহীউদ্দীন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে শিগগিরই সাংবাদিক দম্পতি হত্যারহস্য উদ্ঘাটনের ঘোষণা দিয়েছিলেন।
এরপর ওই বছরের ১০ অক্টোবরে বক্ষব্যাধি হাসপাতালের এক চিকিৎসককে হত্যাকাণ্ডে গ্রেপ্তার পাঁচ আসামি মিন্টু, বকুল মিয়া, কামরুল হাসান অরুণ, রফিকুল ইসলাম ও আবু সাঈদকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সেই সঙ্গে গ্রেপ্তার দেখানো হয় রুনির কথিত বন্ধু তানভীর রহমান এবং বাড়ির দারোয়ান পলাশ ও এনামকে।
