২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ বাসায় খুন হলেন সাংবাদিক দম্পতি

র‌্যাবের ধারণা, এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত এবং খুনিরা নিহত সাগর ও রুনির পরিচিত। আঘাতের ধরন দেখে ময়না তদন্তকারী চিকিৎসক বলছেন, সম্ভবত হত্যাকারীরা অপেশাদার। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 07:43 PM

Updated : 25 Apr 2022, 09:01 PM

লিটন হায়দার ও আবু সুফিয়ান টিপু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রাজাবাজারে নিজের বাসায় খুন হয়েছেন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি।

শনিবার ভোররাতে ধারালো অস্ত্রের আঘাতে দুজনকে হত্যা করা হয়। একমাত্র ছেলে পাঁচ বছর বয়সি মাহিন সরওয়ার মেঘ প্রথম এই হত্যাকাণ্ডের খবর জানান, তারপর সাংবাদিক ও পুলিশের ভিড় জমে যায় ওই বাড়িতে, যান রাজনৈতিক নেতারা।

ঘটনার প্রথম দিনের তদন্তে এই হত্যাকাণ্ডের কুল-কিনারা করতে পারেনি পুলিশ কিংবা গোয়েন্দারা। তবে র‌্যাবের ধারণা, এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত এবং খুনিরা নিহতদের পরিচিত।

দেহে আঘাতের ধরন দেখে ময়না তদন্তকারী চিকিৎসক বলছেন, সম্ভবত হত্যাকারীরা অপেশাদার।

সাগরের দেহে ১৯টি বড় ধরনের আঘাতের চিহ্ন ছিল বলে চিকিৎসক জানান। তার বুকের বাম পাশে একটা ছুরির ৮০ ভাগ গেঁথে ছিল। রুনির পেটে বড় ধরনের দুটি আঘাতের চিহ্ন ছিল।

গোলাম মোস্তফা সরওয়ার (সাগর সরওয়ার) মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন। তার স্ত্রী মেহেরুন নাহার রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক। সাগরের কর্মসূত্রে প্রায় ৫ বছর জার্মানিতে থেকে গত বছরই দেশে ফিরেছিলেন তারা।

সাগর-রুনির পরিবার ও সহকর্মীদের বক্তব্য অনুযায়ী, শনিবার মধ্যরাতে সাগর তার কার্যালয় মাছরাঙা টেলিভিশন থেকে বাড়িতে ফেরেন। তখন বাড়িতে সন্তানকে নিয়ে ছিল রুনি। মেঘ সকালে তার কক্ষ থেকে বাবা-মার কক্ষে গিয়ে তাদের মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে নানা বাড়িতে খবর দেয়।

পশ্চিম রাজাবাজারে ৫৮/এ/২ নম্বর হোল্ডিংয়ে পাঁচ তলা ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে ছেলেকে নিয়ে থাকতেন সাগর-রুনি দম্পতি। রাতে ওই বাড়ি থেকে রক্তমাখা একটি বটি উদ্ধার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে পুলিশ ওই বাড়ির পাহারাদার পলাশ রুদ্র পাল এবং তত্ত্বাবধায়ক আবু তাহেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে আশপাশের বাড়ির বাসিন্দাদেরও। এছাড়া রুনির দুই ভাই নওশের আলম ও নওদিশ আলমকে সদরদপ্তরে নিয়ে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

সাগর-রুনি খুন হওয়ার পর সেখানে যান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি সাংবাদিকদের বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার লক্ষ্য নিয়ে পুলিশ কাজ করবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ওই বাড়িতে যান। এই ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বড় নজির দাবি করে বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।

সাগর-রুনির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সাংবাদিক নেতারা সহকর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার দাবি করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাগর ও রুনির ময়না তদন্তের পর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রথম জানাজা হয়। এরপর মাছরাঙা টেলিভিশন ও এটিএন বাংলায় দুটি জানাজার পর মরদেহ নেওয়া হয় সাগরের পৈত্রিক বাড়ি পুরান ঢাকার নবাবপুর রোডে। সেখানে জানাজার পর রাতে দুজনকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

কয়েক বছর জার্মানির রাষ্ট্রায়াত্ত গণমাধ্যম ডয়চে ভেলে’র বাংলা বিভাগে কাজ করার পর গত বছরের শুরুতে দেশে ফিরে মাছরাঙায় যোগ দেন ৩৬ বছর বয়সী সাগর। বিদেশ যাওয়ার আগে সংবাদ, দৈনিক যুগান্তর ও ইত্তেফাকেও কাজ করেছেন তিনি।

লেখালেখিও করতেন সাগর, তার কয়েকটি বইও প্রকাশিত হয়েছে। সাগর তার বাবা-মার একমাত্র ছেলে, তার চার বোন রয়েছে।

রুনি এটিএন বাংলার আগে সংবাদ, যুগান্তর ও চ্যানেল আইয়েও কাজ করেছেন। রাজাবাজারে তাদের বাসার কাছেই আরেকটি বাসায় থাকেন রুনির বাবা-মা। বাবা-মাহারা মেঘ এখন রুনির এক বোনের বাসায় রয়েছে।

‘

কান্নার শব্দ’

সাগরের সহকর্মীদের বক্তব্য অনুযায়ী, রাত দেড়টা পর্যন্ত বনানীতে মাছরাঙা টেলিভিশনের কার্যালয়ে ছিলেন তিনি। এরপর বাসার উদ্দেশে রওনা হন।

মাছরাঙা টেলিভিশনের প্রতিবেদক জোবায়ের আহমেদ জানান, “রাত দেড়টা পর্যন্ত অফিসেই ছিলেন সাগর ভাই। আমারও কাল রাতে ডিউটি ছিল। একটার পরও তার সঙ্গে আমার কথা হয়েছে। এরপর সকালে শুনি এই ঘটনা।”

বাড়ির পাহারাদার পলাশ রুদ্র পুলিশকে জানিয়েছে, রাত ২টায় সাগর এলে তিনি ফটক খুলে দেন। সাগরে ঢুকে উপরে চলে যায়।

রুনির পরিবারের বক্তব্য অনুযায়ী, সকালে মেঘ তার নানীকে টেলিফোন করে জানায় এই মৃত্যুর খবর।

পুলিশ বলছে, সম্ভবত ফজরের নামাজের আগে আগে খুন করা হয় সাগর ও রুনিকে।

সকালে পুলিশ আসার পর দেখা যায়, নিজেদের শোবার ঘরের মেঝেতে রক্তাক্ত লাশ দুটি পড়ে আছে। সাগরের হাত পিছমোড়া করে বাঁধা। দুজনেরই বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন।

শেরেবাংলা নগর থানার ওসি জাকির হোসেন মোল্লা নিহত দম্পতির ছেলে মেঘের উদ্ধৃতি দিয়ে শনিবার দুপুরে সাংবাদিকদের বলেন, “সকাল ৭টার দিকে ঘুম ভাঙার পর মেঘ তাদের বাসায় দুজনকে দেখে। তারা চলে যাওয়ার পর সে দরজা বন্ধ করে দেয়। পরে বাবা-মায়ের ঘরে এসে লাশ দেখে সে নানীকে খবর দেয়।”

মেঘের ছোট মামা নওশের আলম বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটু পর পর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে মেঘ। শুধুই বাবা-মার কথা বলছে।”

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনার ইমাম হোসেন সাংবাদিকদের বলেন, “পলাশ (পাহারাদার) বলেছে, সাগরের পর অপরিচিত আর কেউ ওই বাড়িতে ঢোকেনি।

“তবে সে এটাও বলেছে, ফজরের নামাজের কিছু আগে ওই ভবনের মালিক সমিতির সভাপতি মো. নুরুন্নবী তাকে টেলিফোন করে বলেছিল, তিনি নাকি ওপরে কান্নার শব্দ শুনতে পেয়েছেন।”

নুরুন্নবী সাগরদের ঠিক নিচের ফ্ল্যাটেই থাকেন।

‘

খুনিরা পরিচিত ও অপেশাদার’

সাগর-রুনির লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ আঘাতের ধরন দেখে সাংবাদিকদের বলেন, “দুজনের শরীরেই ছুরি ও ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধরন দেখে আমাদের মনে হয়েছে, খুনি অপেশাদার কেউ।”

সাগরের দেহে ১৯টি বড় ধরনের আঘাতের চিহ্ন ছিল। এছাড়া ছোটখাটো আরো ২০-২৫টি কাটা দাগ পাওয়া গেছে।

সাগরের বুকের বাম পাশে একটা ছুরির ৮০ ভাগ গেঁথে ছিল, যা ময়না তদন্তের সময় বের করা হয় বলে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রভাষক সোহেল জানান। ওই ছুরির বাট ছিল না।

রুনির পেটে বড় ধরনের দুটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে জানিয়ে সোহেল মাহমুদ বলেন, “রক্তনালী কেটে যাওয়ায় তার মৃত্যু দ্রুততর হয়েছে।”

পরে সাগর-রুনির শয়ন কক্ষ থেকে একটি রক্তমাখা বটি পাওয়া যায়।

ওসি জাকির জানান, সাগর-রুনির ঘরের জিনিসপত্র ছিল এলোমেলো, ড্রয়ারগুলো ছিল খোলা। তবে ল্যাপটপ ও ক্যামেরার মতো দামি জিনিসপত্র ঘরেই পাওয়া গেছে। তবে রান্না ঘরের একটি গ্রিল ছিল কাটা।

ডিএমপি উপকমিশনার ইমাম হোসেন বলেন, “রান্নাঘরের গ্রিল কাটা থাকায় ১ ফুট বাই ৮ ইঞ্চির মতো ফাঁকা জায়গা তৈরি হয়েছে। ওই জায়গা দিয়ে বড়জোর একটা বাচ্চা ভেতরে ঢুকতে পারবে। তবে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।”

র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ঘটনা পরিকল্পিত। হত্যাকারীরা পূর্বপরিচিত বলেও আমাদের মনে হয়েছে।”

সাগর-রুনির পাশের ফ্ল্যাটের বাসিন্দা হামিদা সুলতানা জানান, রুনিদের বাসায় শুক্রবার সন্ধ্যার পর কথাবার্তার শব্দ শুনে তার ধারণা হয়েছিল- বাসায় অতিথি এসেছে।

তবে ভবনের গেইটে নিরাপত্তারক্ষীদের লগবুকে শুক্রবার কোনো অতিথি আসার তথ্য পাওয়া যায়নি।

ওসি জাকির দাবি করেন, মেঘ যে দুজনকে সকালে বাসায় দেখার কথা বলেছিল, তাদের কোনো এক পিকনিকে দেখার কথাও জানিয়েছিল।

তিনি আরো বলেন, ওই বাসার ডাইনিং টেবিলে ডিমভাজা ও রুটিও দেখতে পেয়েছে পুলিশ, যার কিছুটা খাওয়া হয়েছিল।

শোক-নিন্দা-ক্ষোভ-কর্মসূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এই মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন, সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে খুনিদের খুঁজে বের করা হবে। খালেদা জিয়া বলেছেন, এই ঘটনা প্রমাণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে শনিবার দুপুরে সাগর-রুনির বাসায় যান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি সাংবাদিকদের বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীকে ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের খুঁজে বের করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।”

তার আগে সেখানে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সমালোচনা করে সাংবাদিকদের বলেন, “আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।”

সাংবাদিক দম্পতির মরদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নেওয়া হলে সেখানে মন্ত্রী, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক সংগঠনের নেতা ও সহকর্মীরা তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানায়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু জানান, দুই সহকর্মীর মৃত্যুতে তিন দিনের কর্মসূচি পালন করবেন তারা।

কর্মসূচি হচ্ছে- রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও কালোব্যাজ ধারণ, মঙ্গলবার বাদ আছর মিলাদ মাহফিল এবং বুধবার সকালে ডিআরইউ মিলনায়তনে স্মরণসভা। এছাড়া এই তিনদিন ডিআরইউ পতাকা অর্ধনমিত রাখা হবে।

এর আগে সকালে সাগর-রুনির মৃত্যুর খবর শুনে এক দল সাংবাদিক তাৎক্ষণিকভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএসটি/এসআইটি/এমআই/০১২২ ঘ.