২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরেনসিক বিশেষজ্ঞের ধারণা, খুনি অপেশাদার

ঢাকা রিপোর্টার্স ইউনিটি, মাছরাঙা, এটিএন বাংলা কার্যালয় এবং পুরান ঢাকার নবাবপুরে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে আজিমপুর কবরস্থানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 09:59 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন নাহার রুনির মরদেহের ময়নাতদন্তের পর ফরেনসিক বিশেষজ্ঞ বলেছেন, খুনি অপেশাদার বলেই আঘাতের ধরন দেখে মনে হয়েছে তাদের। শুক্রবার গভীর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। র‌্যাবের গোয়েন্দাদের ধারণা এ হত্যা পরিকল্পিত, খুনি পূর্ব পরিচিত। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্তের পর ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. সোহেল মাহামুদ সাংবাদিকদের বলেন, দুজনের শরীরেই ছুরি ও ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। “আঘাতের ধরন দেখে আমাদের মনে হয়েছে, খুনি অপেশাদার কেউ”, বলেন তিনি। লাশের ময়নাতদন্তকারী এই চিকিৎসক জানান, সাগরের দেহে ১৯টি বড় ধরনের আঘাতের চিহ্ন ছিল। এছাড়া ছোটখাটো আরো ২০-২৫টি কাটা দাগ পাওয়া গেছে। “তার বুকের বাম পাশে একটা ছুরির ৮০ ভাগ গেঁথে ছিল। এখানে সেটা বের করা হয়েছে। ছুরির বাট ছিল না।” রুনির পেটে বড় ধরনের দুটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে জানিয়ে সোহেল মাহামুদ বলেন, “রক্তনালী কেটে যাওয়ায় তার মৃত্যু দ্রুততর হয়েছে।” ময়নাতদন্ত শেষে এই সাংবাদিক দম্পতির মরদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রথম জানাজায় অংশ নেন এই দুই সাংবাদিকের সহকর্মী, রাজনৈতিক নেতা ও স্বজনরা। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের শিরিন আখতারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠনের কর্মীরা এ সময় সাগর-রুনির প্রতি শেষ শ্রদ্ধা জানান। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় মাছরাঙা ও এটিএন বাংলা কার্যালয়ে। সেখানে দুটি জানাজার পর পুরান ঢাকার নবাবপুর রোডে নিয়ে যাওয়া হয় দুজনের কফিন। সাগরের পৈত্রিক বাড়ি সেখানে। সেখানে আরেকটি জানাজা শেষে রাত ৯টার দিকে সাগর আর রুনিকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। এই দম্পতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করে ৪৮ ঘণ্টার মধ্যে ‘দোষীদের’ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আইনমন্ত্রী শফিক আহমেদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, গভর্নর আতিউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ অনেকেই। আরো শোক প্রকাশ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঢাকাস্থ রংপুর সাংবাদিক সমিতি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। সাংবাদিক দম্পত্তির মৃত্যুতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে ডিআরইউ। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও কালোব্যাজ ধারণ, মঙ্গলবার বাদ আছর মিলাদ মাহফিল ও বুধবার সকালে ডিআরইউ মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এছাড়া এই তিনদিন ডিআরইউ পতাকা অর্ধনমিত রাখা হবে। শেরেবাংলা নগর থানার ওসি জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে কোনো এক সময় খুন করা হয় সাগর-রুনিকে। শনিবার সকাল ৭টার দিকে সাগর-রুনির পাঁচ বছর বয়সী ছেলে মেঘ ঘুম থেকে উঠে বাবা-মায়ের শোবার ঘরে গিয়ে তাদের লাশ দেখতে পায়। র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ঘটনা পরিকল্পিত। হত্যাকারীরা পূর্বপরিচিত বলেও আমাদের মনে হয়েছে।” সাগর- রুনি দম্পতির একমাত্র ছেলে মেঘের (৫) বরাত দিযে ওসি জাকির হোসেন জানান, সকাল ৭টার দিকে ঘুম ভাঙার পর মেঘ তাদের বাসায় দুইজনকে দেখে। তারা চলে যাওয়ার পর সে দরজা বন্ধ করে দেয়। পরে বাবা-মায়ের ঘরে এসে লাশ দেখে সে নানীকে খবর দেয়। “ওই দুইজনকে কোনো এক পিকনিকে দেখেছিল বলে জানিয়েছে মেঘ,” বলেন তিনি। ওই বাসার ডাইনিং টেবিলে অর্ধভুক্ত ডিমভাজা ও রুটি দেখা গেছে বলেও জানান ওসি। পুলিশ ওই ভবনের নিরাপত্তা প্রহরী পলাশ রুদ্র পাল ও কেয়ারটেকার আবু তাহেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এছাড়া রুনির দুই ভাই নওশের আলম ও নওদিশ আলমকে সদরদপ্তরে নিয়ে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এসআইটি/এআরএইচ/এএল/এমকে/জেকে/২১১৪ ঘ.