২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে ২ ‘বনদস্যু’ নিহত

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বনদস্যু দল ‘দারোগা বাহিনীর’ কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 11:05 AM

Updated : 22 Aug 2022, 07:51 PM

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, নিহতরা হলেন- দারোগা বাহিনীর প্রধান এনামুল হাওলাদার ওরফে দারোগা (৩৪) এবং তার সহযোগী সাইফুল (২৪)। নিহতদের বাড়ি খুলনার রূপসা এলাকায়।

ঘটনাস্থল থেকে ‘বনদস্যুদের ব্যবহৃত’ ১৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আদনান কবির জানান।

তিনি বলেন, মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকার আড়ুবাড়িয়ার খালের মাথায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি এলজি, তিনটি একনলা বন্দুক, পাঁচটি পাইপগান, একটি বিদেশি শটগান, একটি কাটা রাইফেল ও ১৬৫টি গুলি।

এছাড়া একটি ইঞ্জিন চালিত ট্রলার ও তাতে রাখা বেশকিছু খাদ্রসামগ্রীও উদ্ধার করা হয়।

ঘটনার বর্ণনা দিয়ে আদনান কবির জানান, বনদস্যু এনামুল হাওলাদার ওরফে দারোগা ৮-১০ জন সদস্যকে নিয়ে সুন্দরবনের আড়ুবাড়িয়ার খালের মাথায় অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। বনদস্যুরা তাদের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি করে।

প্রায় আধা ঘণ্টা বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা সুন্দরবনের ভেতরে পালিয়ে গেলে সেখানে তল্লাশি চালিয়ে এনামুল হাওলাদার ও তার সহযোগী সাইফুলের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

এই দারোগা বাহিনী সুন্দরবন এলাকায় দীর্ঘদিন ধরে অপহরণ ও চাঁদাবাজি করে আসছিল বলেও জানান তিনি।

দুই বনদস্যুর মরদেহ বাগেরহাটের মংলা থানায় পাঠানো হয়েছে।