‘পুলিশ-মানবাধিকার কমিশন একইসঙ্গে কাজ করা উচিৎ’
জনগণের মৌলিক অধিকার ঠিক রাখতে পুলিশ ও মানবাধিকার কমিশনের একইসঙ্গে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।
সোমবার দুপুরে পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জনগণের মৌলিক অধিকার বলবৎ রাখতে পুলিশ ও মানবাধিকার কমিশনকে একই সঙ্গে কাজ করা উচিত।
“এখানে বিরোধের কোন সুযোগ নাই। বিরোধ তৈরি হলে, মানবাধিকার রক্ষায় জাতিগত আকাঙ্খা বাস্তবায়নে বাঁধা তৈরি হবে।”
সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের গুলিতে আহত নাফিস সালাম নামের একজনকে দেখতে গিয়ে পুলিশের ভূমিকার সমালোচনা করেন।
ফাইল ছবি
তিনি বলেন, “কোন বিশেষ ব্যক্তির সঙ্গে বাহাসে লিপ্ত হওয়া পুলিশের উদ্দেশ্য নয়। এটি সুশৃঙ্খল সমাজের পরিচয় বহন করে না। গত কয়েকদিনে জাতীয় মানবাধিকার কমিশন চেয়াম্যান পুলিশ নিয়ে যেসব মন্তব্য করেছেন সেই বিষয়ে নিজেদের বক্তব্য, অবস্থান ব্যাখ্যা করা হয়েছে।
“ইচ্ছে করলে পুলিশ অনেক কিছুরই জবাব দিতে পারতো। কিন্তু বাহাস করা নোংরামি মনে করি। তাই সচেতনভাবে বিরত থেকে জাতির সামনে নিজেদের বক্তব্য ষ্পষ্ট করতে পেরেছি,” বলেন বেনজির।
পুলিশ কমিশনার বলেন, “মানবাধিকার কমিশন আইনে কার কী ক্ষমতা তা দেয়া আছে। কমিশনের ওয়েবসাইটে গেলেই তা জানা যাবে।”
গত ৬ নভেম্বর সন্ধ্যায় জামায়াতে ইসলামীর ডাকা হরতালে শ্যামলীতে একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় দুইজনকে পুলিশের হাতে তুলে দেয়ায় তিনজনকে পুরস্কার দিতে ওই পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছিল।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, শ্যামলীর বাসিন্দা মো. শহীদুল আলম খান কাজল, মো. হাসান মিয়া এবং মো. মনির হোসেন। এদের প্রত্যেককে দশ হাজার টাকা ও একটি প্রশংসাপত্র পুরস্কার হিসেবে তুলে দেন বেনজীর।
এসময় ঢাকা মহানগরের পুলিশ প্রধান বলেন, “পুলিশ জনতা একসঙ্গে কাজ করলে আইনশৃঙ্খলা রক্ষা করা সহজ হয়। যারা জনগণের জানমালের ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”
