‘আইএসে আগ্রহী’ আনসারুল্লাহ সদস্যের জামিন
উগ্রপন্থী সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য সন্দেহে গ্রেপ্তার এক যুবক হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন।
হাই কোর্টের সাবেক এক বিচারকের এই ছেলে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে যোগ দেওয়ার পরিকল্পনা করছিলেন বলে গোয়েন্দা পুলিশের দাবি।
মো. আসিফ আদনানকে (২৬) গত সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ, এরপর তার বিরুদ্ধে মামলাও করা হয়।
ওই মামলায় পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত সোমবার তাকে জামিন দেন বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এসএইচ মো. নুরুল হুদা জায়গীরদার।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
শুনানিতে রোকনউদ্দিন মাহমুদ জামিনের জন্য আসামির স্বাস্থ্যগত কারণ দেখানোর পাশাপাশি বলেন, পুলিশ তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কোনও অপরাধ সংগঠনের কথা বলতে পারেনি। কেবল ষড়যন্ত্রের কথা বলেছে।
“আসামির বাবা একজন বিচারক। তিনিও উচ্চ শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি পালিয়ে যাবেন না। আদালত চাইলে তার পাসপোর্ট রেখে দিতে পারেন।”
অন্যদিকে মমতাজ উদ্দিন ফকির জামিনের বিরোধিতা করে বলেন, এই আসামি আল কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরির বক্তব্যে উদ্বুদ্ধ হয়েছেন বলে অভিযোগ রয়েছে। যুক্তরাজ্য থেকে আসা আইএস জঙ্গির সঙ্গেও যোগাযোগ করেছেন।
“অপরাধের ষড়যন্ত্র করাও অপরাধ। বিদেশে অপরাধ করার পরিকল্পনা করলেও সন্ত্রাসবিরোধী আইনে বিচার করা যায়। এটা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যও হুমকি। বিশ্বজুড়ে উচ্চশিক্ষিত তরুণদের অনেকে এভাবে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হচ্ছে। তাই এই আসামি জামিন পেতে পারে না।”
ফাইল ছবি
শুনানির পর আদালত পুলিশ প্রতিবেদন চাওয়ার পাশাপাশি আসামির বাবা হাই কোর্টের সাবেক বিচারক আব্দুস সালাম মামুনকে বেইল বন্ড দেওয়ার নির্দেশ দেন।
তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাই কোর্টের এই আদেশের বিরুদ্ধে তারা আপিল বিভাগে যাবেন।
আসিফের পাশাপাশি আরেকজনকে গ্রেপ্তারের পরদিন ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছিলেন, “তারা সম্প্রতি প্রচারিত আল-কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরির ভিডিও বার্তায় অনুপ্রাণিত হয়ে তুরস্ক ও সিরিয়া যাওয়ার পরিকল্পনা করেছিল। তারা কথিত জিহাদে অংশ নিয়ে দেশে ফিরে তাদের নিজস্ব মতবাদ প্রচার করতে চেয়েছিল।”
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহমুদ নাসের জনি বলেছিলেন, “গ্রেপ্তাররা প্রভাবশালী পরিবারের সদস্য। বাংলাদেশে আল-কায়েদা নেটওয়ার্ক শক্তিশালী করতে তাদের এক সহযোগী যুক্তরাজ্য থেকে এসে এদেশে অবস্থান করছিল।”
আসিফের দেওয়া তথ্যে ব্রিটিশ নাগরিক সামিউন রহমান ওরফে ইবনে হামদান নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ জানায়, তিনি ‘মুজাহিদ’ সংগ্রহে ঢাকায় অবস্থান করছিলেন।
