২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংকট নিরসনে কাজ করে যাচ্ছি: কুবি উপাচার্য

কুমিল্লায় দেশের ২৬তম সরকারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে নয় বছর আগে। এখনও নানা সমস্যায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. আরিফুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 08:08 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

সংশ্লিষ্টদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে এখনও পর্যাপ্ত শ্রেণিকক্ষ করা হয়নি। পরিবহন ব্যবস্থা,  চিৎকিসা সুবিধা ও শিক্ষার্থীদের আবাসিক সুবিধা পর্যাপ্ত নয়। নানা সমস্যা রয়েছে কেন্দ্রীয় লাইব্রেরি ও অডিটোরিয়ামে।

এসব বিষয়ে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  মো. আলী আশরাফ।

সম্প্রতি তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের (১ম পর্যায়) অংশ হিসেবে তিনটি একাডেমিক ভবনকে তিন তলা থেকে পাঁচ তলায় রূপান্তরিত করা হবে, যার কাজ কয়েকদিনের মধ্যে শুরু হবে।

এ প্রকল্পের অধীনে আরও একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হবে।

আগামী সেশন থেকে বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষের আর সংকট থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিবহন সমস্যা সম্পর্কে তিনি বলেন, “অল্প কয়েকদিনের মধ্যে পরিবহন ব্যবস্থায় বিআরটিসির কয়েকটি বাস যুক্ত হবে। ইতোমধ্যে আমরা ২টি বাস ক্রয় করেছি। নতুন অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় একটি বাস ক্রয় করা হবে।”

এছাড়া কিছুদিনের মধ্যে জনতা ব্যাংক একটি বাস দেয়ার আশ্বাস দিয়েছে এবং বিষয়টি ব্যাংকের বোর্ড মিটিয়ে পাশ হয়েছে বলে জানা গেছে।

মেডিকেল সেন্টারে চিকিৎসকের পদ শূন্য নেই জানিয়ে তিনি বলেন, এখন থেকে তিন জন ডাক্তার পালাক্রমে ২৪ ঘণ্টা কাজ করবেন।

তবে, মেডিকেল সেন্টারে ওষুধের অপর্যাপ্ততা রয়েছে, যা অল্প কয়েকদিনের মধ্যে বৃদ্ধি করা হবে।

কেন্দ্রীয় লাইব্রেরির বিষয়ে মন্ত্রণালয়ের অর্থ অনুমোদন পেলে আলাদা ভবনসহ যাবতীয় উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশা করেন।

বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাষ্কর্য ও  শহীদ মিনারের নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা।  

এ ব্যাপারে উপাচার্য বলেন, “২০১১-১২ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে শহীদ মিনারের কাজ শুরু হয়। বর্তমানে এর কাজ বন্ধ রয়েছে। আমরা  আবার টেন্ডার আহ্বান করেছি। আশা করছি ২০১৫ সালের ২১শে ফেব্রুয়ারির আগেই আমাদের শহীদ মিনার পূর্ণ রূপ পাবে।”

তবে, ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাষ্কর্য নির্মাণের কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের রয়েছে চারটি আবাসিক হল এবং দুইটি শিক্ষক ডরমিটরি। এগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে স্বীকার করেন তিনি।

পর্যায়ক্রমে  শিক্ষার্থীদের জন্য আরও আবাসিক হল, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর জন্য ডরমিটরি নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান।