২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক রেল নেটওয়ার্ক ও বিদ্যুৎ সহযোগিতা চুক্তিতে সম্মতি

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে রেল নেটওয়ার্ক নির্মাণ এবং বিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়াতে দুটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 07:21 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

এ দুটি চুক্তি হলে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও পাকিস্তান রেলপথে সরাসরি যুক্ত হবে; প্রশস্ত হবে বিদ্যুৎ আমদানি এবং সার্ক বিদ্যুৎ গ্রিড গড়ে তোলার পথ।  

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘সার্ক রিজিওনাল রেলওয়েজ এগ্রিমেন্ট ফর সার্ক মেম্বারস স্টেটস’ এবং ‘সার্ক ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফর এনার্জি কো-অপারেশন (ইলেকট্রিসিটি)’ নামের দুটি প্রস্তাবে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, নেপালের কাঠমান্ডুতে ২৬ ও ২৭ নভেম্বর অষ্টাদশ সার্ক সম্মেলন শুরু হচ্ছে। এর আগে ২২ নভেম্বর শুরু হবে মন্ত্রী পর্যায়ের বৈঠক। সম্মেলনে স্বাক্ষরের উদ্দেশ্যেই চুক্তি দুটি অনুমোদন করা হয়েছে।

“বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ট্রান্সপোর্ট হাবে পরিণত হতে চায়। রেলপথ নেটওয়ার্কের চুক্তি করলে সেটা হবে।... সম্ভাব্য রুটগুলোর বিষয়ে এ চুক্তিতে উল্লেখ রয়েছে।”

মন্ত্রিপরিষদ সচিব জানান, মংলা/চট্টগ্রাম বন্দর, চিলাহাটি, ভারতের হলদিবাড়ি ও হাসিমারা হয়ে ভুটান পর্যন্ত যাবে বাংলাদেশ-ভারত-ভুটান রেল রুট।

নেপাল-ভারত-বাংলাদেশ তিনটি রুট হবে। নেপালের বীরগঞ্জ থেকে ভারতের রাকসাও, সিংরাবাদ হয়ে বাংলাদেশের রহনপুর, মংলা/চট্টগ্রাম বন্দর পর্যন্ত একটি, নেপালের বিরাটনগর থেকে ভারতের জগবাড়ি, দিঘাপুর হয়ে বিরল, খুলনা, মংলা বন্দর পর্যন্ত দ্বিতীয় রেলপথ এবং নেপালের বারদিবাজ, কিনারওয়া হয়ে ভারতের জয়নগর, রাধিকাপুর দিয়ে বাংলাদেশের বিরল, খুলনা, মংলা বন্দরে তৃতীয় রেলপথ পৌঁছাবে।

ভারত-বাংলাদেশ রুটে হবে আগরতলা থেকে আখাউড়া, গঙ্গাসাগর হয়ে চট্টগাম বন্দর পর্যন্ত।

আর পাকিস্তান-ভারত-বাংলাদেশ দুটি রুটের প্রস্তাব রয়েছে। এর মধ্যে একটি লাহোর থেকে ভারতের দিল্লী, কলতকাতা, পেট্রাপোল, দর্শনা, বেনাপোল হয়ে ঢাকা এবং অন্যটি পাকিস্তানের লাহোর থেকে ভারতের দিল্লী, কলকাতা, পেট্রাপোল হয়ে দর্শনা, বেনা, ঢাকা, আখাউড়া, গংগাসাগরে যাবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, গত অক্টোবরে নয়া দিল্লীতে সার্ক দেশগুলোর মন্ত্রী পর্যায়ের পঞ্চদশ বৈঠকে “সার্ক ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফর এনার্জি কো-অপারেশন’ এর বিষয়টি চূড়ান্ত হয়।  কাঠমান্ডুতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এখন চুক্তি স্বাক্ষরিত হবে।

“এটা হলো ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। এটি এক ধরনের ঐকমত্য। এর মাধ্যমে ক্রস বর্ডার ইলেকট্রিসিটির উদ্যোগ নেওয়া হবে। ঐচ্ছিক ভিত্তিতে স্ব স্ব দেশের আইন অনুযায়ী হবে। বিদ্যুৎ আমদানি-রপ্তানি হলে মূল্য নির্ধারণ দুই পক্ষের সম্মতিতে।”

সচিব জানান, এই চুক্তি আন্তসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা (গ্রিড) গড়ে তুলতে সহায়ক হবে। এটি করা হবে ‘বিওএন’ বা ‘নির্মাণ ও রক্ষণাবেক্ষণ’ ব্যবস্থার আওতায়। সংশ্লিষ্ট দেশগুলো এতে পারস্পরিক সহায়তা করবে।

“যে চুক্তি হবে, কোনো দেশ ইচ্ছা করলে ৬ মাসের নোটিস দিয়ে তা থেকে নিজেদের প্রত্যাহার করতে পারবে। পাঁচ বছর পর চুক্তি রিভিউ হবে।”