অর্ধশত অটোরিকশা গুড়িয়ে দিয়েছে প্রশাসন
ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্ধশতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা আটকের পর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
জেলা টমটম অটোরিকশা মালিক সমিতির দাবি, গুড়িয়ে দেয়ার এ খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক অটোরিকশা মালিকের মৃত্যু হয়েছে।
সোমবার দিনব্যাপী জেলা প্রশাসনের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত শহরের চারটি স্থানে অভিযান চালিয়ে ব্যাটারিচালিত এসব অটোরিকশা আটক ও ধ্বংস করে।
অভিযানে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের চার নির্বাহী ম্যাজিস্ট্রট রাবেয়া বশরি, জানে আলম, রানুয়ারা খাতুন ও বিপুল কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অভিযানের বিষয়টি জানিয়েছেন।
এরপর সরকারি অনুমোদনহীন এসব অটোরিকশা ফেনী পৌরসভার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে ফিটনেসবিহীন ও লক্কর-ঝক্কার একাধিক টেম্পু এবং সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।
একই সময়ে একাধিক অভিযোগে বিভিন্ন গাড়ির মালিককে নগদ টাকা জরিমানা ও তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
এদিকে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা গুড়িয়ে দেয়ার খবর পেয়ে মোহাম্মদ আলম (৩৫) নামে অটোরিকশার এক মালিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন ফেনী জেলা টমটম অটোরিকশা মালিক সমিতির কোষাধ্যক্ষ আবু তৈয়ব।
মৃত আলম শহরের মোল্লাইসা ঘাটা এলাকার হাবু মিয়ার ছেলে।
সমিতির কোষাধ্যক্ষ আবু তৈয়ব বলেন, "আলম কিস্তিতে একটি অটোরিকশা কিনলেও এখনও ওই কিস্তির টাকা পরিশোধ করতে পারেননি। তার অটোরিকশাটি আটকের পর গুড়িয়ে দেয়ার খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন।"
"সঙ্গে সঙ্গে ফেনী সদর হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
