২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দোকানের দুইশ বস্তা চাল লুট

পাহারাদারকে বেঁধে রেখে গাজীপুর সদরে একটি দোকান থেকে দুর্বৃত্তরা ২১৯ বস্তা বস্তা চাল লুট করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 04:14 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

রোববার গভীর রাতে এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য বাজারের তিন পাহারাদারকে আটক করেছে পুলিশ।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, বানিয়ারচালা গ্রামে মেম্বারবাড়ি বাসস্ট্যান্ড বাজারের 'সবিনয় পোল্ট্রি ফিড অ্যান্ড রাইস এজেন্সি’ নামের দোকানে এ লুটের ঘটনা ঘটে।

আটকরা হলেন বাজরের পাহারাদার রমজান (৬০), আব্দুল আজিজ (৪৫) ও আব্দুর রশীদ (৪০)।

দোকান মালিক সাহাব উদ্দিন শেখ বলেন, "রোববার রাত ১০টার দিকে দোকানের কাজ শেষ করে তালা দিয়ে বাড়ি চলে যাই। ভোর ৫টার দিকে বাজারের অন্য ব্যবসায়ীরা দোকানের শাটার খোলা দেখতে পেয়ে আমাকে খবর দেন। এসে দেখি দোকানের ২১৯ বস্তা চাল চুরি হয়েছে।"

এসআই রফিকুল আটক পাহারাদারদের উদ্ধৃত করে জানান, রাত পৌনে ২টার দিকে ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত ট্রাকে করে বাজারে হানা দেয়। এ সময় তারা তিন পাহারাদারকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে দোকানের পাশে ফেলে রাখে।

এরপর দোকানের তালা কেটে দোকান থেকে চালের বস্তা ট্রাক বোঝাই করে নিয়ে যায়।

এ ঘটনায় আটক তিন পাহারাদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এসআই রফিকুল।