অশ্লীলতার অভিযোগে যুবক দণ্ডিত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করা ও অশ্লীল ছবি বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শাহজাদপুরের ইউএনও শামীম হক জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়ার পর সোমবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
"হাবিব শাহজাদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীকে (১২) উত্ত্যক্ত করত। এক পর্যায়ে তার ছবি কৌশলে অশ্লীল ছবির সঙ্গে জুড়ে দিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেয়।"
এ বিষয়ে অভিযোগের পর পুলিশ রোববার বিকালে হাবিবকে আটক করে। রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করার পর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শামীম হক।
