২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদির মামলায় জামিন পেলেন ইমদাদুল হক মিলন

আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি ও তার ভাইয়ের দায়ের করা দুটি মামলায় জামিন পেয়েছেন কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 03:52 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন ইমদাদুল হক মিলন ও কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুজ্জামান তুহিন।

শুনানি শেষে বিচারক মহিউদ্দিন মুরাদ তাদের জামিন মঞ্জুর করেন।

গত বছরের ১১ জুন কক্সবাজারের ৩ নম্বর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে কালের কণ্ঠ সম্পাদক ও জ্যেষ্ঠ প্রতিবেদকের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৫০০/৫০১ (মানহানি) ধারায় মামলা করেন কক্সবাজারের (উখিয়া-টেকনাফ) এই সাংসদ।

মামলায় অভিযোগ করা হয়, গত ২৯ এপ্রিল কালের কণ্ঠের প্রথম পাতায় ‘ইয়াবার রাজা বদি’ শিরোনামে প্রকাশিত সংবাদে ইয়াবা পাচার, ইয়াবা সিন্ডিকেটের হোতা, সীমান্তের ইয়াবা গডফাদার ইত্যাদি লিখে তার মানহানি করা হয়।

মামলা আমলে নিয়ে সম্পাদক ও প্রতিবেদককে সশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দেয় আদালত।

এছাড়া ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর পত্রিকাটির প্রধান শিরোনাম ‘বদনামের শেষ নেই এমপি বদির’ শীর্ষক সংবাদে টেকনাফের সরকারি স্থলবন্দর মিয়ানমারের চোরাই পণ্য খালাসের ঘাট, দমদমিয়ার বেসরকারি জাহাজঘাট ও সেন্টমার্টিন ঘাটের টোল আদায় থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য সর্বত্রই এমপি বদির নিয়ন্ত্রণ এবং জঙ্গি সম্পৃক্ততায় অভিযুক্ত মুসলিম এইড নামের একটি এনজিওর সঙ্গে তার সখ্যতার রয়েছে উল্লেখ হয়।

এতে মানহানির অভিযোগ এনে ২০১১ সালের ২ অক্টোবর বদির ভাই মৌলভী মুজিবুর রহমান একই আদালতে সম্পাদক ইমদাদুল হক মিলন, জ্যেষ্ঠ প্রতিবেদক বিপ্লব রহমান, জ্যেষ্ঠ প্রতিবেদক তোফায়েল আহমদসহ চারজনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। 

এ মামলায় সম্পাদক ছাড়া বাকিরা এর আগেই জামিন নিয়েছেন।

কালের কিণ্ঠের পক্ষে শুনানিতে অংশ নেন মোহাম্মদ মোস্তফা, আশরাফ-উল-আলম, আয়াছুর রহমান, এস এম আবু তাহের, মো. ছৈয়দুল আলম, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।