মাল্টিপারপাস ব্যবসার নামে প্রতারণা, আটক ৫
ঢাকার সাভারে মাল্টিপারপাস ব্যবসার মাধ্যমে প্রতারণার অভিযোগে একটি সমিতির পাঁচ মাঠকর্মীকে আটক করেছে র্যাব।
রোববার আশুলিয়ার হাজী লাল মিয়ার বাড়ি থেকে ‘যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’র এ মাঠকর্মীদের আটক করা হয়।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় স্বল্প মূল্যে জমি দেয়ার নামে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করত সমিতির ওই মাঠকর্মীরা। পরে জমি হস্তান্তরের সময় এলে অফিসে তালা ঝুলিয়ে তারা পালিয়ে যায়।
কয়েকদিন আগে মো. হারুন নামে এক গ্রাহক বিষয়টি র্যাবকে লিখিতভাবে জানান। এরপর র্যাব আশুলিয়ার ওই বাড়িতে অভিযান চালায়।
ওই পাঁচ মাঠকর্মীকে আটকের পর ভুক্তভোগী মো. হারুন বাদী হয়ে মামলা করেছেন বলে জানান ওসি বদরুল ।
