২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন দিতে না পারলে প্রতিষ্ঠান থাকার কী দরকার: মুহিত

সরকারি কোষাগার থেকে ইউনিয়ন পরিষদ সচিবদের শতভাগ বেতন দেওয়ার দাবি নাকচ করে প্রতিষ্ঠান থেকেই তা সংস্থানের পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 05:56 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

রোববার সচিবালয়ে ‘বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতি (বাপসা)’র নেতাদের সঙ্গে বৈঠকে নিজের অবস্থান জানিয়ে দিলেও আলোচনা করে তা বিবেচনার আশ্বাসও দিয়েছেন।

বর্তমানে ইউপি সচিবদের বেতনের ৭৫ শতাংশ সরকারি কোষাগার থেকে দেওয়া হয়। অবশিষ্ট ২৫ শতাংশ ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় (হাট-বাজার ইজারা থেকে আয়) থেকে দেওয়ার কথা রয়েছে।

বাপসার দাবির প্রেক্ষাপটে শতভাগ বেতন সরকারি কোষাগার থেকে দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে।

ওই বিষয়টি অনুমোদনের সুপারিশ জানিয়ে বাপসার ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে।

বেতনের শতভাগ সরকারিভাবে দেওয়ার দাবি ‘গ্রহণযোগ্য নয়’ মন্তব্য করে মুহিত বলেন, “যে প্রতিষ্ঠান তার কর্মচারীদের বেতন-ভাতা দিতে পারে না, সেই প্রতিষ্ঠান থাকা উচিত নয়। দ্যাট প্রতিষ্ঠান শুড ডাই। এটা আমার অভিমত।

“নিজস্ব কর্মচারীদের শতভাগ বেতন দেওয়া উচিত ইউপি’র। সেখানে তাদের অবদান মাত্র ২৫ শতাংশ। এটা একটা টোকেন কনট্রিবিউশন। এটা আমার সমর্থন পায় না।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বাপসার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, হাট-বাজার ইজারা থেকে আয়ের কথা বলা হলেও পার্বত্য চট্টগ্রামসহ ২৫টি উপজেলার ইউনিয়ন পরিষদের এই খাতে কোনও আয় নেই। যে কারণে ওইসব এলাকার ইউনিয়ন পরিষদের সচিবরা দীর্ঘদিন ধরে এই ২৫ শতাংশ বেতন পাচ্ছেন না।

বাপসা সভাপতি মো. সোহেলুর রহমান বলেন, “আমরা ইউনিয়ন পরিষদের সচিবরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি, বিভিন্ন দুর্যোগে ভূমিকা পালন করি। সারাদেশে ইউনিয়ন পরিষদে সরকার যে তথ্য সেবা কেন্দ্র চালু করেছে, সেখানে আমরা তথ্য কর্মকর্তার দায়িত্বও পালন করি।

“অন্য সরকারি কর্মচারীরা নির্দিষ্ট সময় অফিস করলেও আমাদের কোনও শিডিউল নেই। সরকারি ছুটির দিনেও কাজ করতে হয়। কিন্তু আমরা মানবেতর জীবন যাপন করছি।”

“আমাদের সন্তানরা অর্থের অভাবে ভালো স্কুলে লেখাপড়া করতে পারে না। অনেকের পরিবারের সদস্যরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আমরা যাতে ডাল-ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, সে ব্যবস্থা করে দেন,” অর্থমন্ত্রীকে বলেন বাপসা সভাপতি।

বাপসার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সুপারিশ সম্বলিত ফাইলটি অর্থ মন্ত্রণালয়ে রয়েছে জানিয়ে তা অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর সুদৃষ্টি প্রত্যাশা করেন।  

নিজের অমত জানিয়েই অর্থমন্ত্রী তখন বলেন, “হ্যাঁ, স্থানীয় সরকার এ বিষয়ে সুপারিশ করেছে। আপনাদের বক্তব্যও শুনলাম। এটি বিবেচনা করে দেখা হবে।”