মানহানির মামলায় জনতা সম্পাদকের জামিন
মানহানির এক মামলায় জামিন পেয়েছেন দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহ এবং প্রতিবেদক মো. জাহাঙ্গীর বাবু।
রোববার ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক ২ হাজার টাকার মুচলেকায় তাদের জামিন দেন।
সুবিধাবঞ্চিত শিশু সংগঠন অরচিন কেয়ারের সাধারণ সম্পাদক মো. শফিউল্লাহ মন্টু ২০১২ সালের ৩ এপ্রিল দৈনিক জনতার সম্পাদক ও প্রতিবেদক ছাড়াও এর প্রকাশক সৈয়দ আনওয়ার এবং হাজারীবাগ চরকঘাটার ব্যবসায়ী মোক্তার উদ্দিন লিটনকে আসামি করে এ মামলা করেন।
মামলার আরজিতে বলা হয়, ‘হাজারীবাগে সন্ত্রাসীচক্রের দৌরাত্ম্য, সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে মামলা করে আত্মগোপনে এক বাড়ী মালিক’ শিরোনামে একটি বানোয়াট খবর পরিবেশন করে জনতা বাদীর মর্যাদাহানি ঘটিয়েছে।
আরজিতে আরও বলা হয়, এ খবরের প্রতিবাদ জানালেও তা প্রকাশ করেননি সংবাদপত্রটি।
জামিন শুনানিতে অভিযুক্তদের পক্ষে আইনজীবী সেলিম খান আদালতকে জানান, তথ্য-প্রমাণের ভিত্তিতেই খবরটি পরিবেশন করা হয়েছিল। আর প্রতিবাদও ছাপানো হয়েছিল।
এ সময় আইনজীবীরা ছাপানো প্রতিবাদটি আদালতে দাখিলও করেন।
