২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ৭ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

নীলফামারী সদর উপজেলায় অগ্নিকাণ্ডে সাতটি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 04:57 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

শনিবার গভীর রাতে ইটাখোলা ইউনিয়নের মসজিদপাড়া বড়বাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুইঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু জানান, ওই গ্রামের আজিজার রহমানের বাড়ির রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা আশপাশে ছড়িয়ে পড়ে।

আগুনে সাতটি পরিবারের ১৬টি টিনের ঘর ভস্মীভূত হয়েছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে আটটি গরু, দুটি ছাগল, শতাধিক হাঁস মুরগী মারা যায়। ঘরের আসবাবপত্র, ধান, চাল এবং নগদ এক লাখ পঁচিশ হাজার টাকা পুড়ে গেছে।

এতে প্রায় ২০ লাখ টাকা  ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

নীলফামারী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথামিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা ধারণা করা হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী জানান, সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে প্রত্যেক পরিবারকে নগদ চার হাজার টাকা, ৩০ কেজি করে চাল ও এক বান্ডিল করে ঢেউ টিনে দেয়া হয়েছে।