২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়াত সাংবাদিক গোলাম ফারুককে স্মরণ

ঠিক সময়ে কাজ আদায়ের অনন্য সাধারণ যোগ্যতার অধিকারী ছিলেন প্রয়াত সাংবাদিক গোলাম ফারুক। নিরবিচ্ছিন্নভাবে কাজে ডুবে থাকতেন তিনি। তার কৌশলী ভূমিকায় সংবাদকর্মীরা সংবাদ প্রস্তুতের কাজটি ঠিক সময়ে করে ফেলতেন স্বত:স্ফূর্তভাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 10:58 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

শনিবার রাজধানীতে আয়োজিত এক স্মরণ সভায় এসব কথা বলেন সাংবাদিক গোলাম ফারুকের সহকর্মীরা আর সতীর্থরা। ধানমণ্ডির বেল টাওয়ারে স্মরণ সভার আয়োজন করে তার এক সময়ের কর্মস্থল আনন্দভুবন সাময়িকী।

মাত্র ২৮ বছর বয়সে নিজের সম্পাদনায় বিনোদন বিষয়ক এই পত্রিকাটি প্রকাশনা শুরু করেছিলেন তিনি।

স্মরণ সভায় স্মৃতিচারণ করেন আনন্দভুবন পত্রিকার প্রধান সম্পাদক আলমগীর হোসেন, সম্পাদক ইকবাল খোরশেদ, ফেরদৌসি বেগম, দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, আনন্দভুবনের সাংবাদিক ফিরোজ সারওয়ার, আনন্দ আলোর সাংবাদিক রেজাউল হক রেজাসহ অন্যান্য সহকর্মীরা।

নিজের প্রতিষ্ঠিত আনন্দভুবন পত্রিকা ছাড়ার পর দৈনিক সমকাল, এবিসি রেডিওসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন সাংবাদিক গোলাম ফারুক। মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক বণিক বার্তার ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।

স্মরণ সভায় বণিক বার্তার সম্পাদক হানিফ মাহমুদ বলেন, “দুই বছর আগে বণিকবার্তা পত্রিকাটি চালু করার সময় সাংবাদিক গোলাম ফারুককে তার ইচ্ছার বিরুদ্ধে অনেকটা জোর করেই সেখানে নিয়ে নেই। এতো বড় কাজটি করার জন্য তার মতো একজন কর্মনিষ্ঠ মানুষের প্রয়োজন অনুভব করেছিলাম আমি।”

গোলাম ফারুক ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মুসলেম উদ্দিনের দ্বিতীয় ছেলে।

গত ৬ অক্টোবর আকস্মিক বুকের ব্যাথা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন গোলাম ফারুক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।