বিমান বাহিনীকে আরো শক্তিশালী করার প্রত্যয় প্রধানমন্ত্রীর
আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে আরো শক্তিশালী ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর (বিএএফ) জহুরুল হক ঘাঁটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, “উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
“স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের আগেই আমরা বিমান বাহিনীকে আরো আধুনিকায়নের মাধ্যমে শক্তিশালী ও কার্যকর বাহিনী হিসাবে গড়ে তুলতে সক্ষম হবো ইনশাআল্লাহ।”
বিমান বাহিনী দেশপ্রেম ও পেশাগত দক্ষতার মাধ্যমে ন্যাশনাল স্ট্যান্ডার্ডের সম্মান, সুনাম ও গৌরব সমুন্নত রাখবে বলেও প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী।
“আমার বিশ্বাস আধুনিকীকরণের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী দেশ ও জাতির উন্নয়ন কর্মকাণ্ডে আরো সক্রিয় অবদান রাখতে সক্ষম হবে,” বলেন তিনি।
প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারি এবং ওই ঘাঁটির কমান্ডিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবীর তাকে স্বাগত জানান। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময় জাতীয় সঙ্গীত বাজানো হয়।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সেনা ও নৌবাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
