২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ৩ ক্লিনিক মালিকের জরিমানা

যথাযথ অনুমোদন ও চিকিৎসক-নার্স ছাড়া চিকিৎসাকেন্দ্র পরিচালনার দায়ে রাজশাহীর তিন ক্লিনিক মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 06:06 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

শনিবার র‌্যাবের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তারের ভ্রাম্যমাণ আদালত তাদের দণ্ড দেয়।

অভিযানের বিরুদ্ধে বিক্ষোভের চেষ্টা হলে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো চিকিৎসক ও নার্স না থাকায় নগরীর শিপাইপাড়া এলাকার আল মদিনা কিউর নার্সি হোম মালিক আবুল কালাম আজাদকে এক মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ অনুমোদনপত্র নিয়ে পরিচালনার দায়ে একতা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারকে এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় লেজার ডায়াগনোস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এবিষয়ে আল মদিনা কিউর নার্সিং হোমের মালিক আবুল কালাম আজাদ বলেন, প্রয়োজন হলে চিকিৎসকদের ডেকে আনা হয়।

তার দাবি, রাজশাহীর প্রায় সব ক্লিনিকেই এ অবস্থা চলে।

রাজশাহী র‌্যাবের সহকারী পরিচালক এএসপি মীর্জা গোলাম সারোয়ার বলেন, অভিযানের সময় ক্লিনিক-ডায়াগনোস্টিক সেন্টারের মালিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা লক্ষ্মীপুর মোড়ে একত্রিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে বিক্ষোভ করার চেষ্টা করে। পরে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।