গতি কমল নিউ ইয়র্ক সিটির
ঘণ্টায় পাঁচ মাইল গতি কমিয়ে দেওয়া হয়েছে নিউ ইয়র্ক সিটির রাস্তায়।
শুক্রবার থেকে এই শহরে ঘণ্টায় ২৫ মাইলের বেশি বেগে গাড়ি চালালেই গুণতে হচ্ছে জরিমানা। জরিমানার অঙ্কও কম নয়, আইন ভেঙে পুলিশের হাতে ধরা খেলে দিতে হবে ১৫০ ডলার।
এর আগে এই শহরে ঘণ্টায় সর্বোচ্চ ৩০ মাইল বেগে গাড়ি চালানোর অনুমতি ছিল।
সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা উদ্বেগজনকহারে বৃদ্ধি পাওয়ায় সিটি মেয়র বিল ডি ব্লাসিয়োর আহ্বানে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে এ সংক্রান্ত একটি বিল পাস হয়।
নয়া এই বিধি কার্যকর করতে সড়ক দ্বীপে সাইন লাগানো হয়েছে।
আইনে বলা হয়েছে, কেউ ২৫ মাইলের বেশি বেগে গাড়ি চালিয়ে ধরা পড়লে জরিমানা হবে ১৫০ ডলার। আর যদি সড়কের পাশে স্থাপিত ক্যামেরায় ধরা পড়ে তাহলে জরিমানা হবে ৫০ ডলার।
গতি কমানোর পক্ষে যুক্তি দিয়ে সিটি মেয়র বলেছেন, সর্বোচ্চ ২৫ মাইল বেগে চলার কোন গাড়ির ধাক্কা খেলে কিংবা আরেকটি গাড়িকে ধাক্কা দিলে ক্ষয়-ক্ষতির আশঙ্কা ৩০ মাইল বেগের অর্ধেক। কয়েক মাস আগে সিটির বিভিন্ন সড়কে পরীক্ষামূলকভাবে গতি নিয়ন্ত্রণের একটি প্রকল্প চালু করে সুফল পাওয়া গেছে।
নিউ ইয়র্কে গত ১০ মাসে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছে ২৪ জন। পক্ষান্তরে গত বছর মারা যায় মোট ২৯১ জন।
মূলত গতবছরের ডিসেম্বরে ৮ বছর বয়সী বাংলাদেশি শিশু নওশাত নাহিয়ানের মৃত্যুর পর তার অভিভাবক ও স্কুল শিক্ষার্থীদের দাবির মুখে মেয়র যে অঙ্গীকার করেছিলেন তারই বাস্তবায়ন হল বলে মনে করছেন নগরবাসী।
কুইন্সের একটি পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র নাহিয়ান গতবছরের ২০ ডিসেম্বর সকালে বড়বোনের সঙ্গে স্কুলে যাওয়ার সময় ট্রাকের চাকায় পিস্ট হয়ে মারা যায়।
এ ঘটনায় স্কুলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকেরা ক্ষুব্ধ হলে সিটি মেয়র অঙ্গীকার করেছিলেন গাড়ি দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে নয়া এ বিধির সমালোচনা করেছেন ট্যাক্সি চালকরা।
নিউ ইয়র্ক সিটির ট্যাক্সি চালকদের সংগঠক ও বাংলাদেশ সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান চৌধুরী বিডিনিউজকে বলেন, “গতিবেগ হ্রাসের ফলে আমরা যাত্রী হারাবো। কারণ এই সিটির অনেক পাবলিক বাসের গতি ঘণ্টায় ৩০ মাইলের বেশি। এছাড়া পাতাল ট্রেনও দ্রুতগামী।”
স্কুল-কলেজের আশেপাশে গতিরোধক স্থাপন করা হলে দুর্ঘটনা কমানো যেত বলেই মনে করেন তিনি।
সিটি প্রশাসন বলেছে, নিউ ইয়র্ক সিটির মাঝ দিয়ে চলে যাওয়া মহাসড়কের গতিবেগ এ বিধির আওতায় আসবে না। ওইসব মহাসড়কে আগের মতই গাড়ি চালানো যাবে।
এর আগে ১ নভেম্বর থেকে অপর এক আইন চালু হয়েছে। ওই আইনের আওতায় কোনো নতুন চালক গাড়ি চালানোর সময় টেক্সট মেসেজ (এসএমএস) করলে তার লাইসেন্স ১২০ দিনের জন্য স্থগিত করা হবে। একই চালক যদি লাইসেন্স ফিরে পাওয়ার ছয় মাসের মধ্যে একই অপরাধ করেন তাহলে তার লাইসেন্স কেড়ে নেওয়া হবে।
