২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিআইবির কাছে ‘ঘুষের’ তথ্য চান স্বাস্থ্যমন্ত্রী

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনে স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনিয়মের যে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে সংস্থটির কাছে ‘সুনির্দিষ্ট’ তথ্য চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 10:01 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

আর বার্লিনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা টিআইবি তা না দিলে প্রতিবেদনটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।  

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার ঢাকায় স্বাস্থ্যখাতের একটি আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনের সময় নাসিম বলেন, “স্বাস্থ্যখাতে সাফল্যের জন্য বাংলাদেশ জাতিসংঘ থেকে পুরষ্কার পেয়েছে। কিন্তু কিছু মানুষ আছে যারা বাংলাদেশের এই সাফল্যের কথা বলতে লজ্জা পায়।”

টিআইবি’র উদ্দেশে তিনি বলেন, “আমাকে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ দিন। আমি নিশ্চিত করছি যে পদক্ষেপ নিব। কিন্তু আপনারা যদি তা দিতে না পারেন তাহলে মনে করবো, আপনাদের প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত।”

বৃহস্পতিবার স্বাস্থ্যখাতের দুর্নীতি ও অনিয়ম নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে টিআইবি, যাতে গত আওয়ামী লীগ আমলে ওই খাতে অস্থায়ী ভিত্তিতে (অ্যাডহক) নিয়োগে দুর্নীতি ও ঘুষ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে বলে দাবি করে সংস্থাটি।

ওই সময়ে সাড়ে চার হাজারেরও বেশি চিকিৎসককে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়।

টিআইবি’র প্রতিবেদনে বলা হয়, অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পেতে চিকিৎসকদের তিন থেকে পাঁচ লাখ টাকা করে দিতে হয়েছে।

যদিও এই নিয়োগের জন্য ঠিক কতজন চিকিৎসক ঘুষ দিয়েছেন এবং সুনির্দিষ্টভাবে কাদেরকে ওই টাকা দেওয়া হয়েছে সেই সম্পর্কে নির্দিষ্ট করে কিছুই প্রতিবেদনে বলেনি টিআইবি।  

স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট ৩৬ জনকে নিয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে এই তথ্য উঠে এসেছে বলে তারা দাবি করে।

ওইদিন বিকালেই এক প্রতিক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, “যদি আপনাদের (টিআইবি’র) সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আমি বিষয়টি দেখব। তবে টিআইবি সাধারণত তাদের প্রতিবেদনে অনুমানের ভিত্তিতে মন্তব্য করে থাকে।”       

শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চারদিনব্যাপী ১৮ তম এশিয়া ও ওশেনিয়া পেরিনাটাল সোসাইটি’র (এফএওপিএস) সম্মেলন উদ্বোধন করেন, যা মূলত বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম তার বক্তৃতায় বাংলাদেশের সাফল্যকে ছোট করে ‘না’ দেখার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের অনেক সাফল্যের প্রচুর গল্প আছে বলার মতো, বিদেশিদের সেই গল্পগুলো বলা উচিত।

“কিন্তু টিআইবি’র প্রতিবেদনে সেইসব কিছু আসেনি। এটি একটি একপেশে প্রতিবেদন।”

আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্যরা,  স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা, অফিস সহকারী এবং প্রশাসনিক কর্মকর্তারা এই নিয়োগের জন্য টাকা নিয়েছেন বলে টিআইবির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর প্রতিক্রিয়ায় স্বাচিপ মহাপরিচালকও টিআইবি’র কাছে দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টদের পরিচয় ও তথ্য জানতে চেয়েছেন।