জাতীয় ঐক্যের ডাক কামালের
দেশ ও জাতির স্বার্থে দলীয় মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি কামাল হোসেন।
ফাইল ছবি
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় কামাল হোসেন বলেন, “জাতি হিসেবে মৌলিক কিছু বিষয় আমাদের রয়েছে। সেসব বিষয়ে আমরা সবাই একমত। কিন্তু দলীয় স্বার্থে অনেক সময় অনেকে ভিন্ন কথা বলছে।
“কিন্তু আমি বলব- দলের ব্যানারে অবশ্যই আপনারা কথা বলবেন। কিন্তু দেশ ও জাতির মৌলিক স্বার্থে অবশ্যই ঐকমত্য থাকতে হবে। সংবিধানেও সেই ব্যবস্থা রয়েছে।”
বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম প্রবীণ এই আইনজীবী বলেন, “সংবিধান কোনো দলের নয়। সংবিধানের মূল নীতি জনগণ ও দেশের স্বার্থে করা হয়েছে। নির্বাচিত প্রতিনিধি দেশ শাসন করবে তাতে কোনো বিতর্ক নেই। কিন্তু যে নির্বাচন বিতর্কিত সেই নির্বাচনে যারা নির্বাচিত তাদের শাসন নিয়ে বিতর্ক আসতেই পারে। আজকে এসব কারণেই জাতীয় ঐক্যের কথা বলতে হচ্ছে।”
অস্ত্র, অর্থ ও কালোটাকার প্রভাবমুক্ত না করলে অবাধ-নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন ড. কামাল হোসেন।
“নির্বাচন পদ্ধতি অবাধ-নিরপেক্ষ বললেই তা হয় না। অস্ত্র, অর্থ বিশেষ করে কালোটাকা জাতির বিরুদ্ধ শক্তি হিসেবে কাজ করছে। যারা কালো টাকার মালিক তাদের কোনো দলীয় পরিচয় আছে? তারা সব দলের সাথে সম্পর্ক রেখে চলে। সরকারি নিয়োগ-পদায়নে মেধা-যোগ্যতার মূল্যায়ন নেই। যে সরকার এই ধরনের লোকদের পৃষ্ঠপোষকতা করে সেই সরকারও দেশের অগ্রগতির পথে বাধা,” বলেন তিনি।
স্বাধীনতা প্রজন্ম বাংলাদেশ আয়োজিত ‘গণতন্ত্র ও আজকের বাংলাদেশ’ শীর্ষক ওই আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, সুকোমল বড়–য়া ও বিএনপি নেতা নাসিরুদ্দিন অসীম বক্তব্য দেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, “জাতি হিসেবে আমাদের যেখানে যাওয়ার কথা আমরা সেখানে যেতে পারিনি। যতটা অগ্রগতি হয়েছে তা কৃষক, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে হয়েছে।
“এতোদিন যেসব সরকার দেশ পরিচালনা করেছে তাদের অবদান কী? আমার হিসেবে সরকারগুলো কিছুই দিতে পারেনি। আমরা চাই সরকার গণতন্ত্র ও অর্থনৈতিক সমৃদ্ধি দেবে। এজন্য এখন নতুন প্রজন্মের সোচ্চার হওয়ার সময় এসেছে।”
বিএনপির বর্জনের মধ্যে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনের পর গঠিত বর্তমান সরকারের সমালোচনা করে নাগরিক ঐক্যের নেতা মান্না বলেন, “৫ জানুয়ারি নির্বাচনে এই সরকার স্ব নির্বাচিত। এটি জায়েজ করার জন্য সারা বিশ্ব থেকে সার্টিফিকেট আনা হচ্ছে।”
সরকারের সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করেছে শাসক দল। মুক্তিযুদ্ধের চেতনার বড় স্তম্ভ গণতন্ত্র। সেই গণতন্ত্রকেই ভুলুণ্ঠিত করা হচ্ছে।
“৫ জানুয়ারির নির্বাচন, ব্যাংক ডাকাতি, বিভিন্ন খাতে লুটপাটের যারা বিরোধিতা করে না, তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী।”
