২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ‘অলৌকিক পাথর’ নিয়ে থানা-পুলিশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পীরের মাজারে পাওয়া একটি পাথর নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছে পরষ্পর আত্মীয় দুই পরিবার, যার জের ধরে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 07:17 PM

Updated : 25 Apr 2022, 04:56 PM

ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, সাদা রঙের ডিম্বাকৃতির একটি পাথর নিয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পাথরটি ২৫০ থেকে ৩০০ গ্রাম ওজনের।

একজন উপ-পরিদর্শককে বিষয়টি খতিয়ে দেখতে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওসি নাজমুল।

অভিযোগের বরাত দিয়ে তিনি বলেন, “১০-১২ দিন আগে ফরিদগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের স্বপন-রাবেয়া দম্পতির মেয়ে পান্না আক্তার স্থানীয় এক পীরের মাজারে একটি পাথর খুঁজে পান।

“পাথরটি একটি অলৌকিক বস্তু বলে বিশ্বাস করে তার মা-বাবা এটি বসতঘরে রেখে দেন।”

পুলিশ কর্মকর্তা নাজমুল জানান, ওই পরিবারের সদস্যরা পাথরের কিছু অলৌকিক ক্ষমতা দেখতে পান বলেও দাবি করেছেন।

এক সপ্তাহ আগে তাদের ঘর থেকে পাথরটি চুরি হয়ে যায়, যার জন্য দায়ী করা হয় পান্নার ফুফাতো বোন তানিয়াকে।

স্বপন-রাবেয়া দম্পতির দাবি, তাদের ভাগ্নি বেড়াতে এসে মূল্যমান পাথরটি চুরি করে নিয়ে যায়। বিষয়টি মীমাংসা করার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতা আলী আক্কাসসহ গণ্যমান্যরা চেষ্টা বহু করেন। কিন্তু তাতেও সমাধান হয়নি।

আলী আক্কাস সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে আমি দুই পরিবারের মধ্যে একটা সমাধানের চেষ্টা করেছি। কিন্তু ব্যর্থ হওয়ার পর তাদের পরামর্শ দিয়েছি পুলিশকে জানানোর জন্য।”

এর জের ধরে গত ৩ নভেম্বর পান্নার বাবা স্বপন বাদি হয়ে তানিয়ার মা-বাবাসহ পাঁচজনকে আসামি করে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ করে।

অভিযোগের পর বুধবার পুলিশ গোপন স্থান থেকে আলোচিত সেই পাথরটি উদ্ধার করে।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক জুয়েল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাথরটি যতই মূল্যবান হোক, তার প্রকৃত মালিকের কাছেই ফিরিয়ে দেয়া হবে।”

তিনি বলেন, “আদৌ এর কোনো গুণাগুণ আছে কি না, এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পাথরটি ফরিদগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।”