২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় ৫ জনের জেএসসি পরীক্ষা দেয়া হয়নি

জামালপুরের মেলান্দহে দুর্ঘটনায় পড়ে পাঁচ কিশোর-কিশোরীর জুনিয়র স্কুল সর্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বসা হয়নি।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 05:54 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

মেলান্দহ থানার ওসি নাছিমুল ইসলাম জানান, শুক্রবার সকালে ঘোষেরপাড়া-হাজরাবাড়ি সড়কের বেলতৈল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো ঘোষেরপাড়া ইউনিয়নের ফজিলা নাছিমা রইচ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সোহেল রানা (১৩), আছিয়া (১৩), সাদিয়া (১৩), রুকসানা (১৩) ও হেলেনা (১৩)।

এদের মধ্যে প্রথম চার জনকে জামালপুর জেনারেল হাসপাতালে এবং শেষজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ কারণে তাদের প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষা দেয়া হয়নি বলে নিশ্চিত করেন ওসি নাছিমুল ইসলাম।

জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, তারা সকালে একটি অটোরিকশায় করে হাজরাবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল।

ঘোষেরপাড়া-হাজরাবাড়ি সড়কের বেলতৈল বাজার এলাকায় অটোরিকশাটির সামনে দিয়ে একটি ছাগল পড়লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অটোরিকশাটির সঙ্গে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে।