নারায়ণগঞ্জে অপহৃত শিশুসহ দুইজনের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত চার বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
রূপগঞ্জের ওসি মাহমুদুল ইসলাম জানান, গত বুধবার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকার সেলিম মিয়ার ছেলে মাসুম বিল্লাহকে অপহরণ করে মুক্তিপণ হিসেবে ৩০ হাজার টাকা দাবি করে দুর্বৃত্তরা। মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয়।
এরপর বৃহস্পতিবার রাত ১১টার দিকে তারাব পৌরসভার কান্দাপাড়া এলাকার একটি ডোবায় মাসুমের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করার কথা জানালেও তাদের পরিচয় জানাননি ওসি।
অন্যদিকে শুক্রবার সকালে বন্দর উপজেলার নবীগঞ্জ বাগবাড়ি এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয় বলে বন্দর থানার ওসি নজরুল ইসলাম জানান।
তিনি বলেন, নিহতের পরনে কালো প্যান্ট ও গোলাপী গেঞ্জি ছিল। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
