গোপালগঞ্জে সাবেক সহকারী সচিব খুন
গোপালগঞ্জ সদরে অবসরপ্রাপ্ত এক সহকারী সচিবকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক মাদ্রাসা ছাত্রের বিরুদ্ধে।
বৃহস্পতিবার চরপাথালিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুল ইসলাম জানান, নিহত এম এ সবুর (৭০) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। তার বাড়ি উপজেলার পাথালিয়া গ্রামে।
গোপালগঞ্জ সদর থানার এসআই আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে মাদ্রাসার ছাত্র আলী মোল্লা কয়েকজন সহপাঠীকে নিয়ে মাদ্রাসার জন্য সবুরের বাড়িতে বাঁশ আনতে যায়। এ সময় বাঁশ কাটা নিয়ে সবুরের সঙ্গে ছাত্রদের বাকবিতণ্ডা হয়।
পরে বিষয়টি সমাধানে প্রতিবেশী শওকত মোল্লা সবুরকে মাদ্রাসায় ডেকে নিয়ে যান। সেখানে এক পর্যায়ে মাদ্রাসা ছাত্র আলী মোল্লা কুড়াল দিয়ে সবুরের মাথায় আঘাত করে।
স্থানীয়রা তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই আব্দুস সোবহান।
