২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে ২৭টি বোমা উদ্ধার

যুদ্ধাপরাধে অভিযুক্ত দলের নেতাদের বিচারের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যে শেষ দিনে রাজধানীতে ২৭টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 09:33 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁওয়ের বিএসটিআই কার্যালয়ের পাশের রাস্তা থেকে ওই হাতবোমাগুলো উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মাকসুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজকুনি পাড়া থেকে অবিস্ফোরিত অবস্থায় ২৭টি ককটেল উদ্ধার করা হয়েছে।

হরতালে নাশকতা সৃষ্টির লক্ষ্যে হাতবোমাগুলো একত্রিত করা হয়ে থাকতে পারে এই র‌্যাব কর্মকর্তার ধারণা

গত সোমবার একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের আপিলের রায়ে সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ড বহাল রাখলে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এই হরতাল ডাকে।

পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির শুরা সদস্য মীর কাসেমের ফাঁসির রায়ের প্রতিবাদে বৃহস্পতিবারও হরতাল ডাকে দলটি।

এর আগে দলের আমির মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ সাজার রায়ে গত বৃহস্পতি, রবি ও সোম- এই তিন দিন হরতাল করে জামায়াত।

যুদ্ধাপরাধ মামলায় জামায়াত নেতাদের প্রতিটি রায়ের পরই এভাবে হরতাল ডেকে নাশকতা চালিয়েছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা দলটি।