উদীচীর চট্টগ্রাম জেলা সম্মেলন শুরু
চট্টগ্রামে উদীচী শিল্পী গোষ্ঠীর দুইদিনের জেলা সম্মেলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম ডিসি হিল মুক্ত মঞ্চে সংগঠনটির ষোড়শ জেলা সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা ও সাহিত্যিক রমা চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ‘মানুষ’ হওয়ার আহ্বান জানান তিনি।
‘আজ ছিঁড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল, বিভেদের কুমন্ত্রণা’ স্লোগানকে প্রতিপাদ্য করে দুইদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে বলেন, চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে এবং তাদের সাজা যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে।
বক্তারা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ার লড়াইয়ে একুশে পদকপ্রাপ্ত সংগঠন উদীচীর ভূমিকার কথা তুলে ধরে সামনের দিনগুলোতেও প্রগতির আন্দোলনে তাদের সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেন।
অনুষ্ঠানে কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইনকে সম্মাননা এবং প্রয়াত চিত্রশিল্পী হাসি চক্রবর্তীকে মরণোত্তার সম্মাননা দেয়া হয়।
উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শহীদজায়া বেগম মুশতারী শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক কামাল লোহানী, সহ-সভাপতি ডা. চন্দন দাশ, সহ-সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, সম্পাদক মণ্ডলীর সদস্য কংকন নাগ, জেলা সাধারণ সম্পাদক সুনীল ধর প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাশেদ হাসান, গ্রুপ থিয়েটার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু, সংস্কৃতি সংগঠক স্বর্ণময় চক্রবর্তী প্রমুখ।
শুক্রবার সম্মেলনের দ্বিতীয়দিনে নগরীর থিয়েটার ইন্সটিটিউট গ্যালারি কক্ষে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। এতে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে।
