২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারমাইকেল কলেজ: চারটি ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

সাড়ে তিন বছর বন্ধ থাকার পর রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের চারটি ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা করেছে  কর্তৃপক্ষ।

রংপুর প্রতিনিধি

শাহজাদা মিয়া আজাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 05:38 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

ছাত্রদের চারটি ছাত্রাবাস বন্ধ হয়ে গেলেও ছাত্রীদের তিনটি চালু রয়েছে।

সংস্কারের টাকা না থাকায় ছাত্রাবাসগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বলে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনতে হোসাইন নাসরিন বানু।

তিনি জানান, “দীর্ঘদিন বন্ধ থাকায় চারটি ছাত্রাবাসের দেয়াল ও ছাদের বিভিন্ন অংশ খসে পড়েছে। দরজা-জানালা ভেঙে গেছে। ফলে ছাত্রাবাসগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

“ছাত্রাবাস চারটি মেরামতের টাকা চেয়ে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরে কয়েক দফা পত্র লিখেও টাকা মেলেনি।”    

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজন শাহ্ ই ফজলুল জানান, বর্তমানে কলেজের  ২৫ হাজার শিক্ষার্থীদের জন্য রয়েছে সাতটি ছাত্রাবাস, যার মধ্যে চারটি ছাত্র্রদের এবং তিনটি ছাত্রীদের।

২০১১ সালের ১৫ মার্চ  ক্যাম্পাসে শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। এরপর পুলিশ ছাত্রাবাস চারটিতে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম ও দেশি অস্ত্র উদ্ধার করে।  পরদিন একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রাবাস চারটি বন্ধ করে দেওয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রাবাস না থাকায় বেশি ভাড়া দিয়ে বেসরকারি ছাত্রাবাস ও মেসে থেকে পড়ালেখা করতে হচ্ছে।  

ইসলামের ইতিহাস দ্বিতীয় বর্ষের ফেরদৌস ওয়াহিদ বলেন, “কলেজে আবাসন ব্যবস্থা না থাকায় ১২শ টাকা ভাড়া দিয়ে মেসে থেকে পড়ালেখা করতে হচ্ছে। বাড়তি খরচ বাড়ি থেকে বহন করতে না পারায় আমি একটি বীমা কোম্পানিতে কাজ করছি।”

বাংলা তৃতীয় বর্ষের ছাত্র এনামুল হক প্রধান বলেন, “মেস ভাড়াসহ অন্যান্য খরচের অর্থ যোগাড় করতে টিউশনি  করছি।”