আনসারুল্লাহ'র ‘গণমাধ্যম প্রধান’ গ্রেপ্তার
রাজধানীর কল্যাণপুর থেকে উগ্রপন্থী সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক নেতাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, বুধরাত রাতে কল্যাণপুর এলাকা থেকে মো. মোরশেদ আলম (২৮) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
মোরশেদ ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ গণমাধ্যম শাখার প্রধান বলে মাসুদুর রহমান জানিয়েছেন।
গোয়েন্দা পুলিশের উপকমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উগ্রপন্থী এ সংগঠনটির নাম প্রথম আলোচনায় আসে গত বছর শেষ দিকে। অগাস্টে বরগুনা থেকে এ সংগঠনের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ ৩১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ঢাকার মোহাম্মদপুরে জসীমের বাসা ও অফিসে অভিযান চালিয়ে কম্পিউটার, ল্যাপটপ, সিডিসহ উসকানিমূলক বই উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা সে সময় বলেছিলেন, ‘জিহাদের’ মাধ্যমে সরকারকে হটানোর লক্ষ্যে আনসারুল্লাহ বাংলা টিম’ থানা থেকে অস্ত্র লুট ও বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল।
জসীমসহ এ সংগঠনের ১০ সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গত ১৬ সেপ্টেম্বর অভিযোগপত্রও দিয়েছে পুলিশ।
