নওগাঁর ওমর আলী ভারতের কারাগারে
নওগাঁর পোরশা উপজেলার সীমান্ত থেকে আটক বাংলাদেশি ওমর আলীকে (৪২) ভারতের কারাগারে পাঠিয়েছে সেদেশের একটি আদালত।
বুধবার নিতপুর সীমান্তের ২৩০ নম্বর মেইন পিলারের পাশে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ এই তথ্য জানায় বিজিবিকে।
মঙ্গলবার নিতপুর এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। এরপর তাকে মালদা জেলার হবিপুর থানায় হস্তান্তর করা হয়।
বুধবার আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়া হয়।
বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন হরিশচন্দ্রপুর বিএসএফ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর পিকে রায় ও বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ১৪ বিজিবির নিতপুর কোম্পানি কমান্ডার সুবেদার হারুনুর রশিদ।
ওমর আলী পোরশা উপজেলা সদরের নিতপুর দিয়ারাপাড়া গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে।
সুবেদার হারুনুর রশিদ জানান, ওমর আলী মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নিতপুর সীমান্তের ভেলার ডারা (শীতলা) বিলে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে তিনি ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে হরিশচন্দ্রপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
হবিপুর থানা পুলিশ ওমর আলীর বিরুদ্ধে অবৈধ্যভাবে অনুপ্রবেশ এবং জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার পৃথক ধারায় অভিযোগ দিয়ে বুধবার আদালতে হাজির করে।
