গাজীপুরে গাড়িতে অগ্নিসংযোগ
জামায়াতের ডাকা হরতাল চলাকালে গাজীপুর নগরীতে একটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে পিকেটাররা।
বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোবারক হোসেন জানান, বেলা সোয়া ১টার দিকে কয়েকজন হরতাল সমর্থক যুবক ভোগড়ার কলম্বিয়া গর্মেন্টসের সামনে মহাসড়কে হঠাৎ পিকেটিং শুরু করে। এ সময় তারা ইটপাটকেল ছুড়ে কয়েকটি গাড়ির কাচ ভাংচুর করে।
পরে স্থানীয়রা এবং গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
এসআই মোবারক আরও জানান, এ সময় প্রায় পৌনে একঘণ্টা মহাসড়কের ওই অংশে যানবাহন চলাচল বন্ধ থাকে। এছাড়া হরতালে অন্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর জানা যায়নি।
সকাল থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল না করলেও রিকশা, অটোরিকশা, স্কুটার, লেগুনা, মিনিবাস চলাচল অনেকটাই ছিল স্বাভাবিক।
দোকানপাট, সরকারি-বেসরকারি অফিস-আদালত, কল-কারখানা খোলা ছিল।
