২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল

যুদ্ধাপরাধী মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে তার দল জামায়াতে ইসলামীর ডাকা হরতাল বন্দরনগরী চট্টগ্রামে ঢিলেঢালাভাবে চলছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 01:17 PM

Updated : 25 Apr 2022, 04:55 PM

নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মাসুদ উল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল থেকে নগরীর কোথাও কোন ধরনের নাশকতা বা গোলযোগের খবর পাওয়া যায়নি।

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে।জেলার কোথাও কোন ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি বলেও তিনি জানান।

সকাল থেকে নগরী থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে না গেলেও রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচলও স্বাভাবিক।

এছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত যানবাহনও চলাচল করতে দেখা যাচ্ছে।

এছাড়া পোশাক কারখানার পাশাপাশি সরকারি বেসরকারি ব্যাংক, বীমাসহ বিভিন্ন অফিসের কার্যক্রমও অনেকটা স্বাভাবিক।

সর্বোচ্চ আদালত গত সোমবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখলে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এই হরতাল ডাকে দলটি।

বৃহস্পতিবারও জামায়াতের হরতাল রয়েছে, যা ডাকা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির শুরা সদস্য মীর কাসেমের ফাঁসির রায়ের প্রতিবাদে।