২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে লরির ধাক্কায় শ্রমিক নিহত, চালক আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় তেলবাহী লরির ধাক্কায় পথচারী এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 10:41 AM

Updated : 22 Aug 2022, 07:48 PM

মঙ্গলবার রাত ১০টার দিকে মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, রাতেই এলাকাবাসীর সহায়তায় লরি চালককে আটক করেছে পুলিশ।

নিহত সুমন (২৮) মাস্টারবাড়ি এলাকার বিজি গার্মেন্টসের কর্মী ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা সদরের দাড়িয়া গ্রামে।

আটক লরি চালক জহির উদ্দিন ঢালীর (৪৫) বাড়ি যশোরের তাপসীডেঙ্গা গ্রামে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে থানা পুলিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, প্যারাসুট নারিকেল তেলের ট্যাংক লরিটি রাতে বাঘেরবাজার থেকে গাজীপুর যাচ্ছিল। ওই পথ দিয়ে যাওয়া সুমনকে লরিটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত লরির চালককে আটক করে পুলিশে দেয়।  

এসআই রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকালে স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।