২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় আওয়ামী লীগ, লক্ষ্মীপুরে যুবলীগ নেতা খুন

মাগুরার শ্রীপুর এবং লক্ষ্মীপুর সদর উপজেলায় ক্ষমতাসীন দলের দুই নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

মাগুরা/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 12:19 AM

Updated : 22 Aug 2022, 07:48 PM

মঙ্গলবার রাতে এই দুটি হত্যাকাণ্ড ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

মাগুরায় নিহত প্রতাপ সাহা শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট করেছিলেন। রাধানগর গ্রামের বাসিন্দা প্রতাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক পংকজ সাহার ভাই।

লক্ষ্মীপুরে নিহত মোহন পাটোয়ারী যুবলীগের সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন। তিনি ওই ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের হোসেন আহম্মদ পাটোয়ারীর ছেলে।

রাত ৯টার দিকে রাধানগরে বাড়ির কাছে প্রতাপ দুর্বৃত্তের হামলার শিকার হন বলে তার ভাই প্রকাশ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “ভাই বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছেই দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে কুপিয়ে জখম করে।”

গুরুতর জখম অবস্থায় মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা বলেন, প্রতাপ মারা গেছেন।

চিকিৎসক অলোক কুমার ঘোষ সাংবাদিকদের বলেন, ছুরির আঘাতটি প্রতাপের ফুসফুস পর্যন্ত পৌঁছেছিল এবং এই কারণেই তার মৃত্যু ঘটেছে।

প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। স্থানীয়রা জানায়, দলের মধ্যে প্রতাপের শত্রু ছিল এবং সেই সঙ্গে বিএনপি নেতাদের সঙ্গেও তার বিরোধ ছিল।

প্রতাপের মৃত্যুর খবর পেয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য বীরেন শিকদার, জেলা প্রশাসক মাহবুবর রহমান, পুলিশ সুপার জিহাদুল কবির হাসপাতালে যান। প্রতিমন্ত্রী অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেন।

শ্রীপুর থানার ওসি আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা দ্রুত উদঘাটন করে অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।”

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা মোহন পাটওয়ারীও রাত ১০টার দিকে তার বাড়ির কাছে রাস্তায় হামলার শিকার হন।

দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৫/৬ জন মুখোশ বেঁধে এসে রাস্তার ওপর মোহনকে কুপিয়ে মেরে চলে যায়।”

লক্ষ্মীপুর সদর ওসি বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ পাঠিয়েছেন তিনি।

লক্ষ্মীপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক মাহবুবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোহন দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবলীগের সদস্য।