পুকুরে কুমির, পরে নদীতে অবমুক্ত
বরিশালের বাকেরগঞ্জে পুকুরে পাওয়া একটি কুমির নদীতে ছেড়ে দিয়েছে বনবিভাগ।
মঙ্গলবার সকালে বাকেরগঞ্জ উপজেলার গাড়ুরিয়া বালি গ্রাম থেকে কুমিরটি আটক করা হয়। কুমিরটির হামলায় এক বৃদ্ধ আহত হয়েছেন।
বাকেরগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম জানান, সকালে পুকুরে মাছ ধরতে গিয়ে একটি কুমির আটক করে স্থানীয় কয়েকজন।
খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা গিয়ে কুমিরটি নিয়ে যান এবং বিকালে পায়রা নদীতে অবমুক্ত করেন।
ওসি আরও জানান, দৈর্ঘ্য পরিমাপ করার সময় কুমিরটির কামড়ে মন্নান গাজী (৭০) নামে স্থানীয় এক বৃদ্ধ জখম হয়েছেন। তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিরটি লম্বায় সাত ফুট বলে জানান উপজেলা বন সংরক্ষক আল মামুন।
