২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ‘যৌন নিপীড়ন’, মামলা দায়ের

সাভার পৌর এলাকায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার দুই দিন পর গভীর রাতে মামলা নথিভুক্ত করেছে সাভার মডেল থানা পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 08:47 PM

Updated : 25 Apr 2022, 04:55 PM

তবে, এ মামলায় ধর্ষণের বদলে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয় বলে পুলিশ জানিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাসেম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত ১২টার পর ওই মেয়েটির বাড়ি পুলিশ গিয়ে তাদের থানায় এনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

ওই ছাত্রীর ভগ্নিপতিকে বাদী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয় বলে তিনি জানান।

আসামিরা হলেন কবির (৩২), আজিজ ওরফে সেলুন আজিজ (৩৪) ও হান্নান (৩৫)।

এ ব্যাপারে আগে (রোববার) মেয়েটির বোন সাংবাদিকদের কাছে তার বোনকে ধর্ষণের কথা জানলেও মামলা হওয়ার পর (মঙ্গলবার) তাদের বাড়ি গিয়ে কারও সঙ্গে কথা বলা যায়নি। সাংবাদিক পরিচয় পেয়ে তারা দেখাই করেননি।

রোববার মেয়েটির বোন জানয়েছিলেন, শনিবার দুপুরে একটি ভাড়া বাড়িতে ঢুকে তাকে (বোন) ও তার স্বামীকে ( ধর্ষিতার ভগ্নিপতি) বেঁধে রেখে তার ৭ম শ্রেণিতে পড়ুয়া বোনকে ধর্ষণ করে এক যুবক।

পরে মোবাইল ফোনে ধারণ করা ধর্ষণের দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ধর্ষিতার পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ করেন মেয়েটির বোন।  

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিপক চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসায় ঢুকে বাদীকে মারধর, যৌন নিপীড়ন ও পাঁচ হাজার টাকা চাঁদা নেয়ার ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে।

তবে ধর্ষণ ও পরে এলাকায় বিচারের বিষয়ে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদী যেভাবে এজাহার দিয়েছে সেভাবেই মামলা নথিভুক্ত করা হয়েছে।

এজাহারের কপি দেখতে চাইলে পরিদর্শক দিপক চন্দ্র সাহা কাজের কথা বলে দ্রুত থানা থেকে বেরিয়ে যান।