পিটুনিতে আহত প্রতিবন্ধীর মৃত্যু
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এলাকাবাসীর পিটুনিতে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
রোববার মধ্যরাতে পিটুনিতে আহত হন শারীরিক প্রতিবন্ধী ইদ্রিস আলী (২৫)। সোমবার রাতে ঢাকা মিটফোর্ড হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত ইদ্রিস আলী উপজেলার চকোরিয়া গ্রামের প্রয়াত আব্দুল খালেকের ছেলে।
নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান বলেন, রোবাবার একটি ইঞ্জিনচালিত নৌকা চুরিতে জড়িত সন্দেহে প্রতিবন্ধী (এক পা ছোট) ইদ্রিস আলীকে পিটুনি দেয় এলাকাবাসী। ভোরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সন্ধ্যার দিকে অবস্থার অবনতি হলে কত্যর্বরত চিকিৎসক তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সোমবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ইদ্রিসের মা সুফিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাত ৫০/৬০ জনের নামে একটি হত্যা মামলা করেছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
