২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাছে ব্ল্যাকবোর্ড, পাটিতে পাঠদান

গাছে ব্ল্যাকবোর্ড ঝুলিয়ে, পাটি ও চট বিছিয়ে গত তিন বছর ধরে চলছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চর মোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান।

কে এম রায়হান কবীর

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 04:47 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

পদ্মার ভাঙনে বিলীন হয়ে যাওয়ার পর থেকে বিদ্যালয়টির চার শতাধিক শিক্ষার্থীকে এভাবে পড়াচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা।

২০১১ সালে নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের চর মোহন গ্রামের চর মোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির পাকা ভবন নদীতে বিলীন হয়ে যায়। এরপর বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতির জায়গায় একটি টিনের ঘর ও খোলা আকাশের নিচে শিক্ষা কার্যক্রম চলছে।

টিনের ঘরের তিনটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার জায়গা সংকুলান না হওয়ায় গাছের নিচে মাটিতে চট বিছিয়ে গাছের সঙ্গে ব্লাক বোর্ড দিয়ে পাঠদান করেন শিক্ষকরা। একটু বৃষ্টি হলেই ক্লাস বন্ধ হয়ে যায়।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষর জানা থাকলেও নেই কোনো পদক্ষেপ।

বিদ্যালয়টির সহকারী শিক্ষক ফোরহাদ হোসেন জানান, ১৯৭১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৬ সালে বিদ্যালয় ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয়দের সহায়তায় পুনরায় পার্শ্ববর্তী জমিতে বিদ্যালয়টি চালু করা হয়। ১৯৯১-৯২ সালে সরকারিভাবে বিদ্যালয়ের জন্য একটি পাকা ভবন নির্মাণ করা হয়।

তিনি বলেন, “পদ্মার করাল গ্রাসে ২০১১ সালে বিদ্যালয় ভবনটি আবারও নদীগর্ভে বিলীন হয়ে যায়। উপায়ান্তর না পেয়ে বিদ্যালয়ের সভাপতি নুর ইসলাম দেওয়ান নিজ বাড়িতে অস্থায়ীভাবে জায়গা দেন।সেখানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি চাঁদা দিয়ে তিন কক্ষ বিশিষ্ট একটি টিনশেড ঘর তুলে শিক্ষা কার্যক্রম শুরু হয়।

বিদ্যালয়ের বর্তমানে চার শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে জানিয়ে তিনি বলেন, “তিনটি শ্রেণিকক্ষে বসার জায়গা না হওয়ায় খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া হয়। প্রচণ্ড গরমে ক্লাস নেওয়া যায় না। একটু বৃষ্টি হলেই ক্লাস বন্ধ হয়ে যায়।”

তিনি অভিযোগ করেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিদ্যালয়ের নামে ৩৩ শতাংশ জায়গা লিখে দেওয়ার পরও গত তিন বছরে ভবন করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ প্রতিনিধি সরেজমিনে দেখেন, স্কুলটির সামনে হোগলা, চট, মাদুর পেতে ক্লাস করছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা। ব্ল্যাকবোর্ড গাছের সঙ্গে ঝোলানো। তখন বিদ্যালয়ের টিনশেড ঘরের তিনটি শ্রেণিকক্ষে ঠাসাঠাসি করে ক্লাস করছে অন্য শিক্ষার্থীরা।

চতুর্থ শ্রেণির ছাত্রী হামিদা আক্তার বলে, “ভেতরে জায়গা না হওয়ায় বৃষ্টির দিন ছাড়া প্রতিদিন এখানেই ক্লাস করতে বসি।”

পঞ্চম শ্রেণির ছাত্র মো. মাসুদ বলেন, “আমরা এভাবে কষ্ট করেই ক্লাস করি।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মৌসুমী আকবর বলেন, ২০১১ সাল থেকে টিনের ঘরের তিনটি কক্ষে ক্লাস করান। সব ছাত্র-ছাত্রীদের জায়গা না হওয়ায় বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ক্লাস করাতে হয়।

ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুর ইসলাম দেওয়ান বলেন, “নদীগর্ভে বিদ্যালয়ের ভবনটি বিলীন হওয়ার পর থেকে আমার টিনের ঘরে ও খোলা আকাশের নিচে ক্লাস চলছে। আমি অন্যত্র ৩৩ শতাংশ জায়গা লিখে দিয়েছি, তবুও ভবন নির্মাণ হচ্ছে না। এটা খুবই দুঃখজনক।”

চর মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছোরহাব হোসেন বলেন, “ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সকলকে জানিয়েছি। কিন্তু দীর্ঘ দিনেও ভবন নির্মিত হচ্ছে না।”

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী শিখা বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এতদিন বিদ্যালয়ের নামে কোনো জায়গা ছিল না। এখন জায়গা পাওয়া গেছে। উপজেলা থেকে প্রতিবেদন পাওয়া গেলে ভবন নির্মাণের জন্য চাহিদা পাঠানো হবে।