দিনাজপুর মেডিকেলে ওষুধ চুরি: বরখাস্ত ২
দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ওষুধ চুরির ঘটনায় হাসপাতালের স্টোর কর্মকর্তা ও স্টোর কিপারকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
এরা হলেন- হাসপাতালের স্টোর কর্মকর্তা আজমাউল হক ও স্টোর কিপার শাহিন। এর আগে সোমবার ভোরে এ দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় এ দুজনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
হাসপাতালের পরিচালক সিদ্দিকুর রহমান তাদের সাময়িক বরখাস্তের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
আজমাউল ও শাহিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক বজলুর রহমান জানান, এ ওষুধ চুরির ঘটনায় রোববার রাতে হাসপাতালের ওয়ার্ড মাস্টার সুমন কুমার কুণ্ডু বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
ওয়ার্ড মাস্টার সুমন কুমার কুণ্ডু জানান, ওষুধ চুরির প্রথম ঘটনা ফাঁস হয় রোববার রাতে। ওই রাতে হাসপাতাল এলাকার ওষুধের দোকানের সামনে বেশ কিছু সরকারি ওষুধসহ সবুজ ও শিবলু হোসেন নামে দুই ব্যক্তিকে হাসপাতালের কয়েকজন স্টাফ পুলিশের সহায়তায় হাতেনাতে আটক করে।
পরে তাদের দেয়া তথ্যে উপশহর এলাকায় 'আল আমিন ক্লিনিক' এবং গোলকুঠি এলাকায় 'মা ফার্মেসি'তে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। ওই দুই প্রতিষ্ঠান থেকে জয়নুল ও সোহেল রানা নামে আরো দুইজনকে আটক করা হয়।
আটক ছয়জনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন হেফাজতে নেয়ার আবেদন জানানো হয়েছে আদালতে, বলেন এই ডিবি কর্মকর্তা।
হাসপাতালের পরিচালক সিদ্দিকুর রহমান বলেন, "এ ঘটনায় পুলিশের তদন্তের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষও পৃথকভাবে তদন্ত করবে।"
