টাঙ্গাইলে অপহৃত স্কুলছাত্র বরিশালে উদ্ধার, আটক ২
টাঙ্গাইলের মির্জাপুর থেকে অপহৃত এক স্কুলছাত্রকে বরিশাল থেকে উদ্ধার করেছে র্যাব।
অপহরণে জড়িত থাকার অভিযোগে অস্ত্র ও ইয়াবাসহ আটক করা হয়েছে দুই যুবককে।
উদ্ধার সাব্বির হোসেন (১০) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মন্দিরাপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং স্থানীয় সরিষাদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
সোমবার রাতে বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার এবং ওই যুবকদের আটক করা হয় বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির।
আটক দুজন হলেন- মানিকগঞ্জের সাটুরিয়া কড়াইল গ্রামের বাবর আলী (৩৫) ও নরসিংদীর রায়পুরার হাটুভাঙা গ্রামের হৃদয় (২৫)।
আটকের সময় তাদের কাছে থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও ৩০টি ইয়াবা পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা আদনান জানান, গত ১৯ অক্টোবর স্কুলের সামনে থেকে সাব্বিরকে অপহরণ করে তার মায়ের চাচাতো ভাই বাবর আলী। পরে সহযোগী হৃদয়ের মাধ্যমে সাব্বিরকে বরিশালে নিয়ে আসে।
“অপহরণের পর মুক্তিপণ হিসেবে সাব্বিরের পরিবারের কাছে ছয় লাখ টাকা দাবি করা হয়। বিকাশের মাধ্যমে তিন লাখ ৬৫ হাজার টাকা পরিশোধও করে সাব্বিরের পরিবার।”
পরে বিষয়টি র্যাবকে জানানো হলে নগরীর কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী বাবর ও হৃদয়কে আটক করে সাব্বিরকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।
