বঙ্গভবনে নতুন দুই রাষ্ট্রদূত
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করে নিজেদের পরিচয়পত্র তুলে দিয়েছেন ঢাকায় দায়িত্ব নিয়ে আসা নতুন দুই রাষ্ট্রদূত পিয়ের মায়ুদোন ও ইয়োহান ফ্রিসেল।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মায়ুদোন ও সুইডেনের রাষ্ট্রদূত ফ্রিসেল সোমবার বিকালে বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম জানিয়েছেন।
রাষ্ট্রদূত মায়ুদোনকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, তার দায়িত্ব পালনের সময়ে বাংলাদেশের সঙ্গে ইইউ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশা করছেন।
সাবেক স্পিকার আবদুল হামিদ এসময় বাংলাদেশ ও ইইউ পার্লামেন্টারি প্রতিনিধি দলের পারস্পরিক সফর বিনিময়ের ওপর জোর দেন।
বাংলাদেশের ওষুধ ও চামড়া শিল্পে ইইউর বিনিয়োগ প্রত্যাশা করেছেন রাষ্ট্রপতি। ইউরোপীয় ইউনিয়নের বাজারে উন্নয়নশীল দেশগুলোর পণ্যের শুল্ক ও কোটা মুক্ত সুবিধা দেওয়ার প্রশংসাও করেন তিনি।
মায়ুদোন রাষ্ট্রপতিকে বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলা সফরের চিন্তা রয়েছে তার। এছাড়া তিনি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-ইইউ সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।
ইইউ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
সুইডেনের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশের অন্যান্য পণ্যের রপ্তানিতে বৈচিত্র্য আনার পরামর্শও দেন সুইডেনের নতুন দূত।
নতুন দুই রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজআর) একটি দল তাদের গার্ড অফ অনার দেয়।
আবদুল হামিদের সঙ্গে তাদের বৈঠকের সময় রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
থাইল্যাল্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
থাইল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনীম সোমবার রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতি এসময় থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে কাজ করার জন্য নতুন রাষ্ট্রদূতকে পরামর্শ দেন।
পর্যটন খাতে থাইল্যান্ডের সঙ্গে সহযোগিতা বাড়ানোর পদক্ষেপ নিতেও সাঈদা মুনাকে পরামর্শ দেন আবদুল হামিদ।
